চট্টগ্রামে ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
জেলার রাঙ্গুনীয়ায় পুলিশের সাথে সন্ত্রাসীদের ক্রসফায়ারে সেলিম ওরফে ক্যারাটে সেলিম নামে এক সন্ত্রাসী শনিবার রাতে নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাঙ্গুনীয়ার শীর্ষ সন্ত্রাসী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সেলিমকে শনিবার রাত ১০টায় নগরীর চকবাজারস্থ একটি হোটেল থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
রাত সাড়ে ৩টায় পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য তাকে রাঙ্গুনীয়ার মজুমদার সীল এলাকায় নিয়ে যায়। সেখানে সেলিমের সহযোগী সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে সেলিম পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়।
মুমূর্ষু অবস্থায় রাঙ্গুনীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম রাঙ্গুনীয়ার ইছাখালি গ্রামের আব্দুল জব্বারের পুত্র।
পুলিশ মজুমদার সীল এলাকা থেকে ১টি দেশী বন্দুক, ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে।
