বঙ্গবন্ধুর সমাধিকে অবজ্ঞা করায় সরকারকে আওয়ামী লীগের নিন্দা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির প্রতি অবজ্ঞা প্রদর্শন করায় সরকারের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এক বিবৃতিতে তিনি বঙ্গবন্ধুর সমাধি নির্মাণের সাথে জড়িত ৫৭ জন শ্রমিক-কর্মচারীদের ১৯ মাস যাবত বেতন না দেয়া এবং সর্বশেষ সমাধি নির্মানের কাজ বন্ধ করে দেয়ার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানান।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি বঙ্গবন্ধুর ভাবমূর্তি এবং অবদান নষ্ট করার চেষ্টা করছে। সেই অপশক্তি এখন রাষ্ট্রের সহযোগিতায় স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করছে।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর রাজধানী থেকে বহুদুরে টুঙ্গীপাড়ায় তার সমাধি নির্মিত হয়। গত ২১ বছরে বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। সেসময় সরকার বঙ্গবন্ধুর সমাধি পুণঃনির্মানের জন্য একটি মাস্টার প্ল্যান গ্রহণ করে এবং পরবর্তীতে এর নির্মান কাজও শুরু হয়। কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে এর নির্মান কাজ বন্ধ এবং এর সাথে জড়িত ৫৭ জন কর্মচারীরকে ১৯ মাস যাবত বেতনভাতা বন্ধ করে দিয়ে এদেরকে চাকুরিচ্যুত করেছে।
তিনি বলেন, সরকারের ষড়যন্ত্রের কারণে বর্তমানে বঙ্গবন্ধুর সমাধি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজন স্ব-উদ্যোগে সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির প্রতি চার দলীয় জোট সরকারের এই অবহেলা দেশের জনগণ বরদাশত করবেনা।
বিবৃতিতে তিনি সরকারের প্রতি অবিলম্বে জাতির জনকের সমাধি কমপ্লেক্সের অসমাপ্ত কাজ সমাপ্ত করা, যথাযথ রক্ষনাবেক্ষণ এবং মানবিক কারণে চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ১৯ মাসের বেতন প্রদান ও তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান।
