রিক্সা উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ, ১৫ জুন কর্মসূচি ঘোষণা
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) প্রতিশ্রুত নতুন লাইসেন্স না দিয়ে রিক্সা উচ্ছেদ অভিযান শুরু হলে কঠোর আন্দোলনে যাবে রিক্সা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। ১৫ জুন বিকেল তিনটায় মুক্তাঙ্গনের সমাবেশ থেকে এ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার সংগঠনের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের সদস্য সচিব ইনসুর আলী।
জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক আলী আকবার এবং যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, শাহ আলম চৌধুরী, হাজী আব্দুল মান্নান, আলী আহম্মেদ, আজাহার আলী ও রুস্তম জামান।
সংবাদ সম্মেলনে মালিক ও শ্রমিক নেতারা জানান, ঢাকা শহরে প্রায় ছয় লাখের বেশি রিক্সা চললেও সরকারি হিসেবে এর সংখ্যা প্রায় তিন লাখ। যার মধ্যে মাত্র ৮৭ হাজার রিক্সার বৈধ লাইসেন্স রয়েছে। লাইসেন্সবিহীন এসব রিক্সা চলাচলের কারণে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সদস্য সচিব ইনসুর আলী জানান, রিকসা মালিক ও শ্রমিকদের বৈধ লাইসেন্সের দাবির প্রেক্ষিতে ডিসিসি ২০০১ সালের ৬ নভেম্বর সংগ্রাম পরিষদের সাথে ৪৩ হাজার নতুন লাইসেন্স দেওয়ার জন্য সমঝোতা চুক্তি করে। যা গত চার বছরেও কার্যকর হয়নি। এ নিয়ে সংগ্রাম পরিষদের এক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
তিনি অবিলম্বে প্রতিশ্রুত ৪৩ হাজার নতুন লাইসেন্স দেওয়ার দাবি জানিয়ে বলেন, ডিসিসি’র চুক্তি ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রিক্সা উচ্ছেদ করা হলে রিক্সা মালিক ও শ্রমিকরা কঠোর প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।
