২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া জেলার গ্রামাঞ্চলে তীব্র বিদ্যুৎ সঙ্কট

কুষ্টিয়ায় শহরকেন্দ্রীক বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে জেলার হাজার হাজার গ্রামবাসী বঞ্চিত হচ্ছে আলোর মুখ থেকে। গ্রামগুলোতে সন্ধ্যাকালীন পিক আওয়ারে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকা বা লোডশেডিং এখন নিয়মে পরিণত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 10:28 AM

Updated : 26 Apr 2022, 05:46 PM

গ্রামবাসী অভিযোগে জানান, দিনের পর দিন তাদেরকে বিদ্যুতের কষ্ট সহ্য করতে হচ্ছে। বিদ্যুতের অভাবে হিমাগারগুলোয় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কাঁচামাল, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, শিল্প-কারখানায় উৎপাদন বন্ধ প্রায় এবং চরমভাবে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।

জানা যায়, কুষ্টিয়ার ৬টি উপজেলার ৬৩টি ইউনিয়নের মধ্যে ৬২টিতেই বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। অন্তর্ভূক্ত মোট ৯‘শ ৫টি গ্রামের সংযোগপ্রাপ্ত গ্রাহক সংখ্যা ১০ হাজার ৭‘শ ৬০টি। এরমধ্যে কুষ্টিয়ায় গ্রাহক সংখ্যা প্রায় পৌনে ১ লাখ। বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে সমগ্র জেলার প্রায় ৪০ ভাগ মানুষ। গ্রামাঞ্চল মূলত পল্লী বিদ্যুতায়তন বোর্ডের আওতাধীন রয়েছে।

দেশের কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বা অন্তর্ভূক্ত এলাকায় প্রায় ১১ লাখ জনসংখ্যা রয়েছে। মূলত এরাই বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, কুষ্টিয়া গ্রীড সাব ষ্টেশনের আওতাধীন এ জেলায় এ সময়ে প্রতিদিন বিদ্যুৎ চাহিদা রয়েছে প্রায় ৫০ মেগাওয়াট। কুষ্টিয়া শহরে এই চাহিদা ১৮ মেগাওয়াট। কিন্তু জেলায় কোনভাবেই যথাক্রমে ২৪ এবং ১০ মেগাওয়াটের বেশি বিদ্র্যৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

গ্রামগুলোতে সন্ধ্যা নামলেই ভূতুরে পরিবেশ বিরাজ করছে। গ্রামে গ্রামে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যায় বিদ্যুৎ গেলে, তা আসে রাত ১০টায়।

গত দু‘মাস ধরে এ ধরনের পরিস্থিতি বিরাজ করায় বিদ্যুৎ শক্তি নির্ভর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রতিমাসে লোকসান গুনছে। এখানে প্রতিদিন বিদ্যুৎ বিভ্রাট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট অফিস থেকে সর্বপ্রকার সার্ভিস চার্জ উল্লেখপূর্বক যথারীতি বিল প্রেরন করা হচ্ছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল বিডিনিউজকে জানান, এ সমিতির আওতায় ৬টি উপজেলায় লক্ষাধিক গ্রাহকের চাহিদা পূরণের জন্য প্রত্যহ ৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন রয়েছে। কিন্তু সেই তুলনায় সরবরাহ রয়েছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে ৩ হাজার ৩শ‘ কিলোমিটার দীর্ঘ লাইনের মাধ্যমে এ সমিতির নির্ধারিত গ্রাহকদের চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।