২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারককে হত্যার হুমকি

খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুস সামাদকে তার আদালতে বিচারাধীন একটি হত্যা মামলার আসামিরা হত্যার হুমকি দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সূত্র জানায়, বিচারককে হত্যার হুমকি দেওয়ার পর গত ৮ জুন ওই বিচারক আত্মরক্ষার্থে ওই হত্যা মামলাটি বরিশাল বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে প্রেরণ করেন।

বরিশাল দ্রুতবিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মুজিবুর রহমান নান্টু এ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, বিচারক আবদুস সামাদের আদালতে মোড়লগঞ্জ থানাধীন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রশিদ খান হত্যা মামলাটি বিচারাধীন ছিল। দ্রুতবিচার মামলা নং ৩৬/০৪ এবং জিআর নং ৩৬/০২। নিহতের ভাই আব্দুল মান্নান বাদি হয়ে ৩২ জনকে আসামি করে মোড়লগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায়, ওই মামলার আসামি ও আত্মীয়রা বিচারককে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল।

বিচারক অবশেষে তার আদালতের ওই মামলাটি বরিশাল দ্রুতবিচার ট্রাইব্যুনালে প্রেরণ করেন। এ জাতীয় মামলা বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই প্রথম বলে স্পেশাল পিপি বিডিনিউজকে জানান।