বহুল আলোচিত নিলুফার হত্যা মামলায় স্বামী মাহবুবকে খালাস দিয়েছেন হাইকোর্ট
বহুল আলোচিত নিলুফার রশিদ হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাজী মাহবুব উদ্দিন আহমেদকে (নিলুফারের স্বামী) হাইকোর্ট খালাস দিয়েছেন।
কাজী মাহবুবের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি একে বদরুল হক ও বিচারপতি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।
১৯৯২ সালের ২ ডিসেম্বর ঢাকার বাড্ডায় স্বামী কাজী মাহবুব উদ্দিন আহমেদের বাসায় নিলুফার রশিদকে মৃত পাওয়া যায়। নিলুফার মরহুম বিচারপতি হারুন-অর রশিদ খানের কন্যা।
নিলুফার হত্যা মামলায় নিম্ন আদালত ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর কাজী মাহবুব উদ্দিন আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
তবে ২০০৩ সালের ১৯ নভেম্বর কাজী মাহবুব হাইকোর্ট থেকে জামিন নেয়।
পরে ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া মাহবুবের জামিন আদেশ বাতিল করে এবং দুই সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।
কিন্তু মাহবুব আদালতে আত্মসমর্পণ না করে পালিয়ে থাকে। সুপ্রিম কোর্ট ২০০৪ সালের ৩০ অক্টোবর মাহবুবের আপিল খারিজ করে দেন।
এ বছর ১৯ এপ্রিল মাহবুব নিম্ন আদালতে আত্মসমর্পণ করে।
কাজী মাহবুব উদ্দিন আহমেদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিয়া।
