সংসদে বাজেটের ওপর ফ্রি-স্টাইল বক্তব্য, কোরাম সংকট নিয়েই চলছে, রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
জাতীয় সংসদে বৃহস্পতিবারও ২০০৫-০৬ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মাত্র চারজন সাংসদ আলোচনায় অংশ নেন এবং তারা ফ্রি-স্টাইল বক্তব্য রাখেন।
নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর কোরাম সংকট নিয়েই স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। পরে বাজেট নিয়ে আলোচনা শুরু হয়।
দিনের আলোচনায় অংশ নেন বিএনপি’র সদস্য আব্দুল মোতালিব আকন্দ, সুলতান মাহমুদ বাবু, মোশারফ হোসেন মঙ্গু এবং কর্ণেল (অব.) আনোয়ারুল আজিম।
সুলতান মাহমুদ বাবুর ফ্রি-স্টাইল বক্তব্যের মাঝেই মাগরিব নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে মুলতবি বৈঠক শুরু হলে মাগরিবের পরও তিনি তার বক্তব্য অব্যাহত রাখেন।
তার বক্তব্যের পরে ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কালো দিবস নিয়ে দীর্ঘ বক্তব্য দেন।
তিনি তার বক্তব্যে সাংবাদিক নির্যাতন দিবস নিয়ে বেশির ভাগ পত্রিকায় কোন নিবন্ধ বা প্রতিবেদন প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ৩০ বছর আগের এই দিনে তৎকালীন সরকার মাত্র চারটি দলীয় সংবাদপত্র রেখে বাকি সকল পত্রিকার বন্ধ করে দেয়। সাংবাদিকদের পথে নামিয়ে দেওয়া হয়, তাদের রুটি-রুজির পথ রোধ করা হয়।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন।
বাজেট আলোচনায় অংশ নিয়ে সকল সদস্যই বিরোধী দলের উদ্দেশ্যে বিষোদগার করেন। অবশ্য তারা তাদের নির্বাচনী এলাকার যথাযথ উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান।
আব্দুল মোতালেব আকন্দ মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত করা হ্রাসের প্রস্তাব করেন। তিনি বলেন, এতে দেশের মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা তার ছেলেকে বিদেশী বৌসহ দেশে এনে তরুণ নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করেছেন তা নয়, মূলত তিনি তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু এতে তিনি ব্যর্থ হয়েছেন। বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তাদের প্রচেষ্টাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপির জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত হয়ে পড়েছে।
সুলতান মাহমুদ বাবু বিদ্যুতের চাহিদা পূরণে জেনারেটর আমদানি শুল্কমুক্ত রাখা এবং গ্রাম সরকার ব্যবস্থাকে কার্যকর করতে আরও বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
