পৃথক ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৪ ব্যক্তি নিহত
পৃথক ঘটনায় ঢাকা, মেহেরপুর ও কুষ্টিয়ায় শনিবার আওয়ামী লীগ নেতাসহ চার ব্যক্তি নিহত হয়েছে।
নগরীর মিরপুরে শনিবার সকালে আওয়ামী নেতা সাইদুল ইসলাম চৌধুরী ওরফে রিপন (৪৮) সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।
এলাকায় রিপন চৌধুরী নামে অধিক পরিচিত সাইদুল বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদারের কাজ করেন। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)-এর গত নির্বাচনে তিনি ৮নং ওয়ার্ডের কমিশনার পদে প্রতিদ্ধন্ধিতা করেছিলেন।
পুলিশ জানায়, নিহত সাইদুল ইসলাম চৌধুরী তৎকালীন ডিসিসি’র ৮নং ওয়ার্ডের কমিশনার ও বিএনপি নেতা সাইদুর রহমান নিউটন খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সাইদুল ইসলাম বেশ কিছুদিন কারাভোগের পর গত বছর আদালতের নির্দেশে কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।
পুলিশের সূত্র জানায়, মিরপুর ১ নম্বরের ৫ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির বাসিন্দা মরহুম একিউএম সালাউদ্দিন চৌধুরীর ছেলে সাইদুল ইসলাম চৌধুরী নিজ বাসভবনের সামনে সকাল সাড়ে ৭টায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহতের ছোট ভাই হামিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজকে বলেন, “আমার ভাই বাড়ি থেকে বের হবার পরপরই চার-পাঁচ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে খুন করে।”
হামিদুল বলেন, “সন্ত্রাসীরা প্রতিবেশি ইয়াকুবের বাড়ির পেছন দিক থেকে আমার ভাইয়ের ওপর হঠাৎ করে গুলি চালায় এবং এর পর তারা ঘটনস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় সাইদুলকে হাসপাতালে নিযে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে কমপক্ষে দশটি বুলেট বিদ্ধ হয়েছে।
মিরপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, কেউ গ্রেফতার হয়নি এবং এখনও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।
মিরপুর থানা সাব-ইন্সপেক্টর ফারিদা বেগম বিডিনিউজকে বলেন, “খুনের নেপথ্য কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”
সূত্র জানায়, মিরপুর ১ নম্বরে একটি বিপনী বিতান ভবন নির্মাণে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। অন্যদিকে, সাবেক ওয়ার্ড কমিশনার নিউটন হত্যা এবং ব্যবসা সম্পর্কিত বিরোধের জের ধরেও এই খুনের ঘটনা ঘটতে পারে বলে সূত্র জানায়।
বিডিনিউজের মেহেরপুর প্রতিনিধি জানান, সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মেহেরপুরে এক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। এসময় তিন শ্রমিকও গুলিবিদ্ধ হয়।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, নিহত ব্যবসায়ী মোহাম্মদ শাহীন (২৭) শহরের ওয়াপদা রোডে ‘শাহীন স্টোর’ নামে একটি দোকানের মালিক।
ঘটনার দিন ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দিঘীরপাড়ায় শাহীনের বাড়ি ঘেরাও করে তিনটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তাকে অপহরণের চেষ্টা করে।
এসময় এলাকাবাসী সন্ত্রাসীদের ঘেরাও করে ফেললে সন্ত্রাসীরা আরও ৪/৫টি বোমা ফাটায়। এতে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ পর্যায়ে সন্ত্রাসীরা বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। এতে দিঘীরপাড়ার শ্রমিক মো. রহিম (৩৫), মো. ওসমান গণি (২৬) এবং মো. খেদের (৫০) গুলিবিদ্ধ হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা শাহীনের ওপর ব্রাশফায়ার করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই সন্ত্রাসীরা বেলীগাড়ী মাঠ দিয়ে পালিয়ে যায়।
শাহীনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজের কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মাঠে শনিবার ভোর ৪টার দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে দুই চরমপন্থী হাসু ও পাখী মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা তাদের বাহিনী ও অস্ত্র ভান্ডারের সন্ধান দেয়। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী পুলিশ অভিযানে বের হয়।
শনিবার ভোর ৪টার দিকে পুলিশ খলিশাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মাঠে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তাদের সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিশ-চরমপন্থী বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে পড়ে গণবাহিনীর ক্যাডার হাসু (৪০) ও পাখী মোল্লা (২৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত হাসুর বাড়ি উপজেলার শশীধরপুর গ্রামে এবং পাখীর বাড়ি শেহালা গ্রামে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, হাসুর বিরুদ্ধে দৌলতপুর থানায় তিনটি হত্যা মামলাসহ অস্ত্র ও চাঁদাবাজির ছয়টি মামলা এবং পাখী মোল্লার বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
