২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আটক ভারতীয় বিচ্ছিন্নতাবাদী, হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান

সেনাবাহিনীর হাতে আটক সন্দেহভজন নয় জন মনিপুরীর স্বীকারোক্তি অনুযায়ী হবিগঞ্জের কমলগঞ্জের মাধবপুর সীমান্তে আবারো পুলিশ ও বিডিআর’র যৌথ তল্লাসী অভিযান শুরু করেছে। আটককৃতদের মধ্যে অন্ততঃ দুজন ‘পিপলস লিবারেশন আর্মি অব মনিপুর’র (পিএলএএম) সদস্য বলে জানা যায়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ বিষয়ে বান্দরবান সদর থানা ওসি আব্দুর রাকিব বিডিনিউজকে জানান, শুক্রবার আটক ওই নয়জনের মধ্যে রমেশ মাতৈ ও খাগেমবা মাতৈ নামের দুজন পিএলএএম’র সঙ্গে যোগসাজসের কথা স্বীকার করেছে। একারণে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হয়েছে।

তিনি জানান, বাকীরা সুনিদির্ষ্টভাবে কোনো স্বীকারোক্তি না দেওয়ায় তাদের বিরুদ্ধে ৫৪ধারায় অভিযোগ আনা হয়।

থানা ওসি আরও জানান, সম্প্রতি হবিগঞ্জের কমলগঞ্জের মাধবপুর সীমান্তে বিডিআর ও র‌্যাবের ক্রসফায়ারে ছয় জন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী মনিপুরী নিহত হওয়ার পর এসব মনিপুরী লুকিয়ে বান্দরবানে আশ্রয় নেয় বলে তাদের ধারণা।

ওসি রাকিব জানান, এরই মধ্যে গ্রেফতারকৃতদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য হবিগঞ্জ সীমান্ত এলাকায় পুলিশ ও বিডিআর ওয়ারলেস ম্যাসেজ পাঠিয়েছে। সন্দেহভাজনদের ধরার জন্য সেখানে শুরু হয়েছে যৌথ বাহিনীর তল্লাসী অভিযান।

এদিকে শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে পুলিশ তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করলে তা নাকচ হয়ে যায়। আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

গ্রেফতারকৃত রমেশ মাতৈ আদালত প্রাঙ্গণে বিডিনিউজকে বলেন, ১৯৯৯ সালে তিনি পিএলএএম’র সদস্য পদ লাভ করেন। তার ভাষ্যমতে, পিএলএএম কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তারা মনিপুর রাজ্যের স্বাধীনতার জন্য সংগ্রাম চালাচ্ছেন। তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি পিএলএএম’র সঙ্গে আর যুক্ত নন।

সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার ভোরে বান্দরবানের কালাঘাটা এলাকা থেকে সন্দেহভাজন নয় জন মনিপুরীকে আটক করে। আটকৃতদের কাছ থেকে ভারতীয় মূদ্রা, কাগজপত্র ও একটি বায়নোকুলার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর আটক নয়জনকে সোপর্দ করা হয় পুলিশে।

আটককৃতরা জানিয়েছে, তাদের কয়েকজনের বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমপল ও থোয়াল জেলায়।

আটককৃতরা হচ্ছে, খাগেমবা (২৬) রমেশ (২৪), টম (২৯), দত্ত সিংহ (৪১), বাবু সিংহ (৪৫), মনিপুরি হোসেন (২০), মনিপুরি আনোয়ার (১২), মনিপুরি সুমন (৩০) এবং মনিপুরি শাজাহান (২০)।