২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানে গৃহীত প্রকল্পের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি

স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষা দেওয়ার জন্য ৩৯০ কোটি টাকা ব্যয়ে শুরু করা প্রকল্পের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

কমিটির সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত কমিটির সভায় বলা হয়, এ প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হবে না। বরং বরাদ্দকৃত টাকা প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তার পকেটে যাবে।

সভায় আওয়ামী লীগের সাংসদ শাহজাহান খান প্রথমে এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাদানের জন্য ৬০ টি উপজেলায় নতুন করে শিক্ষা কেন্দ্র স্থাপন করার কোন প্রয়োজন নেই। বিভিন্ন রকম সুবিধা প্রদান করে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাধ্যমেই এসব শিক্ষার্থীদের শিক্ষাদান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এ ক্ষেত্রে তিনি আওয়ামী লীগ আমলে নেয়া ‘সার্বিক স্বাক্ষরতা আন্দোলন’ প্রকল্পের ব্যর্থতার কথা উল্লেখ করেন।

বিএনপি’র সংসদ সদস্য নুরুল ইসলাম মনি শাহজাহান খানের সাথে একমত প্রকাশ করেন। তিনি বলেন, এ প্রকল্পে কোন লাভ হবে না। এর আগেও পিএনসি-২ প্রকল্পের ২০০ কোটি টাকা নষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কমিটির সদস্যরা বলেন, যথার্থভাবে এ প্রকল্প বাস্তবায়নের করতে হলে আগে প্রয়োজন প্রকল্পের কাঠামোর সংস্কার। আলোচনার মাধ্যমে প্রকল্পের নতুন কাঠামো নির্ধারণ করা যেতে পারে বলে তারা উল্লেখ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জাফর ইসলাম চৌধুরী, মুজিবুর রহমান, কাজী আলাউদ্দিন, আব্দুল করিম আব্বাসী প্রমুখ।