এমএম রেজাউল করিম মিশরের রাষ্ট্রদূত নিযুক্ত
সাবেক রাষ্ট্রদূত এমএম রেজাউল করিমকে সরকার মিশরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এমএম রেজাউল করিম অবসরপ্রাপ্ত একজন কুটনীতিক এবং বাংলাদেশ সরকারের একজন সচিব ছিলেন। তিনি বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি যুক্তরাজ্য এবং শ্রীলংকার হাই কমিশনার হিসেবে এবং চীন, রাশিয়া, ইরান এবং ইরাকে বাংলাদেশী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি ফিনল্যান্ড, লেবানন, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া এবং মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বরত ছিলেন।
তিনি জাতিসংঘের সাধারণ পরিষদ, কমনওয়েলথের সরকার প্রধান পর্যায়ের বৈঠক, ওআইসি সম্মেলন, সার্ক সম্মেলন ও জোট নিরপেক্ষ সম্মেলনসহ বহু জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এমএম রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ডিগ্রি লাভ করেন। করাচী বিশ্ব বিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতোকোত্তর ডিগ্রি এবং ফ্লেচার স্কুল থেকে আইন ও কুটনীতি বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি সংবাদ পত্রের একজন কলামিষ্ট এবং সমসাময়িক রাজনৈতিক উন্নয়ন নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সংস্থার গুরুত্বপুর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পিকেএসএফের চেয়ারম্যান, বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০০৪ এর চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি, কুষ্টিয়া সমিতির সভাপতি, পদ্মা ব্রিজ বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
রাষ্ট্রদূত রেজাউল করিম ১৯৩৫ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি দুই সন্তানের জনক।
