দু’দশক পর ঢাকায় আবার এয়ার ইণ্ডিয়ার ফ্লাইট
দীর্ঘ দু’ দশক বন্ধ থাকার পর শনিবার থেকে আবার ঢাকায় যাতায়াত শুরু করেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এয়ার ইন্ডিয়া দু দেশের মধ্যে শুধু যাত্রী বহন নয় সেসাথে ভারতের দুটি শহর ও লন্ডনের সাথে ঢাকার যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।
এয়ার ইন্ডিয়ার বিমান চলাচলের উদ্বোধনী উপলক্ষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, পরিবহন ও পর্যটন বিষয়ক ভারতীয় পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান নিপুটাল বসু এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভি তুলাসিদাস ও বাণিজ্যিক পরিচালক ভিকে ভর্মা।
বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার কমোডর একেএম হারুন চৌধুরী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারাও এ উপলক্ষে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আবার চালু হওয়ার মধ্য দিয়ে দু দেশের পর্যটন ও ব্যবসা খাতে সম্পর্ক আরও জোরদার হবে।
ভারতীয় পর্যটকদের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করে প্রতিমন্ত্রী বলেন, এ বছর প্রতিবেশী দেশ ভারত থেকে প্রায় পাঁচ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণে আসতে পারে। যা গত বছরের তুলনায় তা ১ লাখ ৭৭ হাজার বেশি।
তিনি আরও বলেন, বি-৭৭৭ এর মতো শীর্য প্রযুক্তির বিমান যাতে পর্যটকদের নিয়ে সরাসরি সমুদ্র সৈকতে অবতরণ করতে পারে সেজন্য কক্সবাজারের রানওয়েটি সংস্কার করা হয়েছে।
নিপুটাল বসু বলেন, ভারতে পর্যটন শিল্পের ২৮ শতাংশ বিকাশ লাভ করেছে এবং এ খাতে সবচেয়ে বেশি লোক কাজ করছে।
পরে প্রতিমন্ত্রী কেক কেটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের উদ্বোধন করেন এবং বিমানের যাত্রীদের উদ্দেশে এয়ার ব্রিজে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সপ্তাহের প্রতি শনিবার ও বৃহস্পতিবারে দিল্লি-ঢাকা-কলকাতা-লন্ডন রুটে এবং বুধ, শুক্র ও রোববারে লন্ডন-কলকাতা-ঢাকা-দিল্লি রুটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট চলাচল করবে। বাংলাদেশের আভ্যন্তরীণ বিমান যোগে এয়ার ইন্ডিয়া চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের সংযোগ স্থাপন করবে।
