২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দল, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার ছাত্রছাত্রীদের মিছিলে ছাত্রদলের কর্মীদের হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। পৃথক পৃথক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেন, গত তিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রদলের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক, ও সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে। জোট সরকারের ক্যাডাররা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে ছাত্রী নির্যাতন ও লাঞ্ছনার মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বৃহত্তম বিদ্যাপীঠে এ ধরণের মধ্যযুগীয় হামলার পর সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যখন দায়িত্ব ছিল হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতার ও বিচার করা, তখন সরকারের সর্বোচ্চ মহলের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার প্রতিবাদরত ছাত্রদের উপর বর্বর হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে তিনি ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা ব্যর্থতা ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়ার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, একটি সভ্য সমাজে সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডাদের এ ধরণের আচরণ সহ্য করা সম্ভব নয়। তারা মানুষ্যত্বের সকল মর্যাদাকে পদদলিত করেছে, তাদের কেবল পাক হানাদারদের সঙ্গে তুলনা করা যায়।

সিপিবি’র সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, এভাবে হামলা নির্যাতন করে ছাত্রসমাজের নৈতিক আন্দোলনকে কখনো থামিয়ে দেয়া যাবে না। বিবৃতিতে তারা হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, সরকার তার পেটোয়া বাহিনী ছাত্রদল ও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে দমন-পীড়নের নীতি গ্রহন করেছে। যা কারো জন্যেই শুভ হতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ।