যশোর পৌর কর্মকর্তার অফিস ভাংচুর: শ্রমিক নেতাকে মারধোর
যশোর পৌরসভা কর্মচারী ইউনিয়ন সংগ্রাম পরিষদের আন্দোলনকারীরা মঙ্গলবার দুপুরে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার অফিসে ভাংচুর চালিয়েছে। পরে তারা পৌরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে মারপিট করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২০ মে সংগ্রাম পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা আন্দোলন করছে। মঙ্গলবার তারা জানতে পারে, পৌর সুইপারদের এক মাসের বেতন দেওয়া হবে। এ ঘটনায় তারা উত্তেজিত হয়ে তৃতীয় তলায় অবস্থিত ওই কর্মকর্তার অফিসে ভাংচুর চালায়। এসময় হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা অফিসে ছিলেন না। পরে তারা সুইপারদের নেতা মকবুলকে (৫৫) মারধোর করে। এ ঘটনায় পৌরশ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবংঘটনার প্রতিবাদে তারা মিছিল করেছে।
