সংরক্ষিত নারী আসন সম্পর্কিত রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট
জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসন সংক্রান্ত সংবিধানের ১৪তম সংশোধনী ও এই আসনে নির্বাচন সংক্রান্ত আইনের বৈধতা চ্যালেঞ্চ করে বেশ ক’টি মানবাধিকার সংগঠনের দায়ের করা তিনটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
দীর্ঘ শুনারি পর সোমবার একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাড. এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামী ৬৪ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে।
হাইকোর্ট তার অভিমতে বলেন, আহমেদ হোসেন মামলায় আপিল বিভাগের একটি নির্দেশনায় বলা হয়েছিলো যে, সংসদে সংরক্ষিত নারী আসনের বিধানটি সংবিধান পরিপন্থি নয়।
সুপ্রিম কোর্টের ওই নির্দেশনা হাইকোর্টের জন্য বাধ্যবাধকতা বলে হাইকোর্ট মন্তব্য করেন ।
উল্লেখ্য, নির্বাচিত দলীয় সংসদ সদস্য সংখ্যার অনুপাতে ৪৫টি সংরক্ষিত নারী আসন বন্টন সংক্রান্ত আইনটি গত বছরের ২৯ নভেম্বর জাতীয় সংসদে পাশ করা হয়। পরবর্তীতে ৮ ডিসেম্বরে সরকার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
এই আইন ও সংবিধানের সংশ্লিষ্ট সংশোধিত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি, কর্মজীবী নারী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ কয়েকটি মানবাধিকার সংগঠন ২০০৪ সালের ২০ জুলাই ও ১৩ ডিসেম্বর এবং ২০০৫ সালের ৪ জানুয়ারি হাইকোর্টে তিনটি রিট আবেদন দায়ের করে।
রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রতি স্থগিতাাদেশ দেন।
গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংক্রান্ত নির্বাচনী আইনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শাও নোটিশ প্রদান করেন।
রিট আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন, ড. এম জহির, অ্যাড. সিগমা হুদা, অ্যাড এমডি আসাদুজ্জামান, ব্যারিস্টার তানিয়া আমির এবং ব্যারিস্টার তানজিবুল আলম। অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, অতিরিক্ত এটর্নি জেনারেল ফিদা এম কামাল এবং ডেপুটি এটর্নি জেনারেল রাজিক আল জলিল।
