২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত এডিপি, উচ্চ সুদের হার ও পে স্কেল মুদ্রাষ্ফীতিতে প্রভাব ফেলবে না

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দীন আহমেদ বলেছেন, বর্ধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি, উচ্চ সুদের হার ও নতুন পে স্কেলের কারণে মুদ্রাষ্ফীতিতে খুব একটা প্রভাব পড়বে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্ধিত এডিপি ব্যয়, সম্প্রসারিত বাজেট সার্বিক আর্থিক ব্যবস্থাপনায় খুব একটা প্রভাব ফেলবে না। কেননা, এডিপি ও বাজেটের একটা অংশ বৈদেশিক সাহায্য বা ঋণের মাধ্যমে মেটানো হবে। তিনি অবশ্য বলেন, তারপরও আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, বৈদেশিক সাহায্যের কারণে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে না। তাই বর্তমানে তিন দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভে কোনও প্রভাব পড়বে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার ঋণ গ্রহণের জন্যে চাপ দিলে আমরা ব্যাপারটিকে একটি সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করবো।

বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী সরকারী খাতে বর্তমান ঋণ প্রবাহের পরিমাণ ৩০৬ দশমিক ৩৫ বিলিয়ন টাকা, যা গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৪ দশমিক ৮২ ভাগ বৃদ্ধি পেয়েছে।

সুদের হার বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা, এবং এটি করা হয়েছে ব্যাংকগুলোর ঋণ এবং জমার মধ্যে অসামঞ্জস্য দূর করতে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, আমরা ব্যাংকগুলোকে অসামঞ্জস্য দূর করার পরামর্শ দিয়েছিলাম। তবে এটি একটি সাময়িক ব্যবস্থা। ভবিষ্যতে এই অসামঞ্জস্য দূর হলে সুদের হার কমে আসবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকগুলো তাদের আমানতের তুলনায় বেশি পরিমাণে ঋণ দিচ্ছিল। তবে আমরা ভোক্তা ঋণের মতো অনুৎপাদনশীল খাতগুলোতে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছি।

সালেহ উদ্দিন বলেন, আমরা সম্পূর্ণভাবে আইএমএফ’র নীতিমালা অনুসরণ করছি, এ অভিযোগ সত্য নয়।

সুদের হার বাড়ানোর কারণে সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিনিয়োগের ওপর তেমন একটা প্রভাব পড়েনি। গত তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি ৬৩ ভাগ বৃদ্ধি পেয়েছে।

গভর্নর জানান, সম্প্রতি সার্বিক অর্থনৈতিক খাতে অনেক শৃঙ্খলা এসেছে। একই সঙ্গে ব্যাংকগুলো যাতে নীয়মনীতি মেনে চলে, সে ব্যাপারে কার্যক্রম জোরদার ও বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে।

গভর্নর আরও জানান, বর্তমান আর্থিক খাত সংস্কার কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি জানান, এনজিওগুলোর উচ্চ সুদের হার নিয়ন্ত্রণের জন্যে তাদের একটি নীতিমালার মধ্যে আনা হবে। এবিষয়ে একটি প্রস্তাব সরকারকে ইতোমধ্যে দেওয়া হয়েছে।

তিনি মুদ্রা বাজারে কল মানির উচ্চহার প্রসঙ্গে বলেন, বর্তমানে ব্যাংকগুলোর কাছে সার্বিক তারল্যের উদ্বৃত্তের পরিমাণ ৮৮ দশমিক ৪৫ বিলিয়ন টাকা। তবে মোট আমানতের পরিমাণ ৩১০ বিলিয়ন টাকা। চলতি আমানতের তুলনায় এ উদ্বৃত্তের পরিমাণ খুব কম। মাত্র পাঁচ-ছয়টি ব্যাংকের উদ্বৃত্ত তারল্য আছে।