২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যাভাবে দুগ্ধপোষ্য শিশুকে অন্যের হাতে তুলে দিলেন অসহায় মা

দু মাসের এক দুগ্ধপোষ্য শিশুর খাবার যোগান দিতে না পেরে অবশেষে চাঁইনবাবগঞ্জ সদর হাসপতালে চিকিৎসাধীন অসহায় দরিদ্র মা শিশুটিকে অন্যের হাতে তুলে দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

গত শনিবার ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনাটি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালু গ্রামে খালার আশ্রয়ে থাকা অসহায় ওই মা মেরিনা বেগম (৩৮) জানান তিনি পুরোনো এ্যাজমা রোগী। অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ১৫ দিন থেকে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণে বুকের দুধ না হওয়ায় তিনি শিশুটিকে জন্মের কয়েকদিন পর থেকেই গৃহ পরিচারিকার কাজ করে এবং ধার দেনা করে হলেও গরুর দুধ কিনে খাওয়াতেন।

কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কারণে শিশুটি দারুনভাবে খাওয়ার কষ্টে পড়ে। হাসাপাতালের বিভিন্ন রোগীর কাছে চেয়ে চিন্তে সামান্য যা পেতেন তাতে শিশুটি পেট ভরে খেতে পেতো না। এতে করে শিশুটি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। তাই দু দিন আগে হাসপাতালের জনৈক নার্সের কাছে তিনি মনের দুঃখে বলেন, বাচ্চাটা কেউ নিয়ে নিলে অন্তত খেয়ে বাঁচতো। তার কথায় ওই নার্স তার নিঃসন্তান চাচাতো বোনকে বাচ্চাটি দান করে দেওয়ার প্রস্তাব করলে মেরিনা তাতে তাৎক্ষণিকভাবেই রাজি হয়ে যান এবং এফিডেভিট করে বাচ্চাটিকে দান করে দেন।