তামাক বিরোধী আইন ধুমপায়ীদের মধ্যে বিশেষ প্রভাব ফেলেনি
তামাক বিরোধী আইন গত ২৬ মার্চ থেকে সারাদেশে কার্যকারী হওয়ার পরও আইনটির সঠিক বাস্তবায়নের অভাবে তামাকজাত পন্য ব্যাবহারের ক্ষেত্রে তেমন কোনও প্রভাব পড়েনি।
এই আইন অমান্যকারীদের জরিমানা করা ছাড়া ধূমপানে নিরুৎসাহিত করা এবং সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রির কাজে অনুৎসাহিত করতে তেমন কোনও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আফসার আহমেদ বলেন, এই আইনটি ধূমপানের নেতিবাচক প্রভাব থেকে আমাদের মুক্ত করতে পারেনি। এখনও অনেকেই বাসস্ট্যাণ্ড, লঞ্চঘাট, রেল স্টেশন, পাবলিক প্লেস, আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত অফিসসমূহ, হাসপাতাল ও ক্লিনিকে নির্দ্ধিধায় ধূমপান করছে।
ধূমপান ও সিগারেট বিক্রির ব্যাপারে নিরুৎসাহিত করার জন্য ধূমপান বিরোধী বিলের ১ (২) উপধারায় একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গত ২৬ মার্চ আইনটি কার্যকর করা হয়।
এর আগে গত ১৩ মার্চ ধূমপান বিরোধী আইনটি পাশ করে।
আফসার আরও বলেন, এমনকি আইনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধূমপান থেকে বিরত রাখতে না পারেনি। আমি চোখের সামনেই দেখছি আমার সহপাঠিরা আইন অমান্য করে ক্যাম্পাসে ধূমপান করছে।
এ আইনে পাবলিক প্লেস বা খোলা জায়গায় ধূমপান করা যাবে না।
আইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, লাইব্রেরী, লিফট, হসপিটাল, ক্লিনিক, আদালত প্রাঙ্গন, বিমান বন্দর, সমুদ্র ও নদী বন্দরের ভবনসমূহ, রেল স্টেশন, বাস টার্মিনালের ভবন সমূহ, ফেরি, সিনেমা হল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাবলিক টয়লেট, সরকারি ও বেসরকারি শিশু পার্কে ধূমপান করা যাবে না।
আইন অমান্যকারীর শাস্তি হবে ৫০ টাকা জরিমানা।
সিগারেট কোম্পানিগুলোকে প্যাকেটের গায়ে স্পষ্টভাবে ধূমাপান বিরোধী শ্লোগান লেখা থাকতে হবে।
তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, এই আইন কার্যকরের ক্ষেত্রে শুধুমাত্র থানার ওসি এবং উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারা এই ক্ষমতা প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, দেশ থেকে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা সরকারে পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারটি নির্ভর করে নাগরিকদের ইচ্ছা ও সচেতনতার ওপর। আমরা জনগণের মধ্যে ধূমপানের নেতিবাচক দিকের ব্যাপারে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি।
যদিও তিনি আইনটির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান।
বিশ্বের এক দশমিক তিন বিলিয়ন মানুষ ধূমপানে অভ্যস্ত এবং তামাক তামাকজাত পন্য ব্যাবহারে ফলে প্রতিবছর বিশ্বের চার দশমিক নয় মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করছে।
অধ্যাপক মিয়া মাজহারুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, বর্তমান অবস্থা যদি চলতে থাকে ২০২০ সালের মধ্যে ধূমপানজনিত কারণে মৃতের সংখ্যা বছরে ১০ মিলিয়নে গিয়ে দাঁড়াবে।
