জাপানি প্রতিনিধি দলের চট্টগ্রাম ওয়াসার সংস্কার কার্যক্রম পরিদর্শন
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’র (জেবিআইসি) প্রতিনিধি দল সোমবার চট্টগ্রাম ওয়াসার সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছে।
চট্টগ্রাম ওয়াসার ২শ’ মিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তাবিত কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পে জাইকা ও জেবিআসি’র অর্থায়নের কথা রয়েছে।
গত মার্চে জাইকা ও জেবিসিআই অর্থায়নের শর্ত হিসেবে ওয়াসার কার্যক্রম সংস্কারের সুপারিশ করে।
সুপারিশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- বকেয়া রাজস্ব আদায়, পানির মূল্য বৃদ্ধি, সরকারি ঋণ মওকুফ ও কম্পিউটারাইজড কার্যক্রম।
ওয়াসা সূত্র জানায়, প্রতিনিধিদল সংশ্লিষ্ট বিষয়ের অগ্রগতি নিয়ে সোমবার ওয়াসার চেয়ারম্যান, চীফ ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।
চট্টগ্রাম ওয়াসার সদস্য (অর্থ) মো. আবু তালেব বিডিনিউজকে জানান, জাপানি প্রতিনিধিদল সুপারিশমালা বাস্তবায়নে চট্টগ্রাম ওয়াসার গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও ওয়াসার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও উন্নয়ন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জাইকা ।
প্রতিনিধি দল সোমবার চট্টগ্রাম ওয়াসার মোহরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কালুরঘাট আয়রন রিম্যুভাল প্লান্ট এবং বুস্টার স্টেশন পরিদর্শন করেন।
