২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে কাঁটা তারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে ভারত

বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে সীমান্তের কয়েকটি স্থানে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ স্থগিত করেছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ভারতের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নয়া দিল্লির একটি টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, জুলাই’র শুরুতে নয়া দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক পর্যন্ত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কয়েকটি স্থানে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে।

নয়া দিল্লি মনে করছে, যেহেতু সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ঢাকা’র পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে তাই এ সংক্রান্ত বিষয়ে মতপার্থক্য কূটনৈতিকভাবেই সমাধান করা উচিত।

১৯৭৫ সালের দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি লংঘনের অভিযোগ এনে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের বিরোধিতা করে আসছে।

অন্যদিকে ভারত বাংলাদেশের অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, সীমান্তে বেড়া নির্মাণ ভারতের কোনও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়। সীমান্ত চুক্তি মেনে সীমানার ১৫০ গজ দূরে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে ভারত জানিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, তিন হাজার কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে বেড়া নির্মাণ পরিকল্পনার অর্ধেক পরিমান কাজ এ পর্যন্ত সম্পন্ন হয়েছে।

বিভিন্ন কারণে ভারত সীমান্তের ২১২টি স্থানে সীমান্তের খুব কাছাকাছি বেড়া নির্মাণ করতে চায়। বাংলাদেশ এসব কারণ জানা সত্ত্বেও তা অস্বীকার করে যাচ্ছে বলে ভারত দাবি করে।

সীমান্তে ১৬২টি ছিটমহলের ৬ দশমিক ৫ কিলোমিটার ব্যতীত ভারত-বাংলাদেশের সীমান্ত চিহ্ণিত করা আছে। ছিটমহলগুলোর মধ্যে ১১১টি পড়েছে ভারতের অংশে এবং বাকিগুলো পড়েছে বাংলাদেশ অংশে।