মৌলবাদী এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার: এসএপিইউএফসি’র অভিযোগ
সরকার মৌলবাদী এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দানের মাধ্যমে সংবিধান লংঘন করছে বলে অভিযোগ করেছে সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ন এগেনেষ্ট ফান্ডামেন্টালিজম এন্ড কমিউনালিজম (এসএপিইউএফসি)।
এসএপিইউএফসি ধর্মীয় অধিকার সংরক্ষণে কাজ করে আসছে। তারা সম্প্রতি সাতক্ষীরায় মুসলিম সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে কোনও যুক্তিসংগত পদক্ষেপ না নেয়ার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষকে দোষারোপ করেছে।
ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলণে এসএপিইউএফসি এর বাংলাদেশ অঞ্চলের নেতা বিচারপতি কেএম সোবাহান ও জাতীয় অধ্যাপক কবির চৌধুরী এই অভিযোগ আনেন।
পাকিস্তান কেন্দ্রিক আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলন কর্তৃক সাতক্ষীরা ও দেশের অন্যান্য অঞ্চলে আহমদিয়া সম্প্রদায়ের ওপর সহিংসতার বিরুদ্ধে সরকারের নিরব ভুমিকার প্রসঙ্গ টেনে বিচারপতি কেএম সোবাহান বলেন, চারদলীয় জোট সরকার এই সব মৌলবাদিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক খতমে নবুয়্যাত আন্দোলর্নে পাশাপাশি পুলিশও তাদের সহযোগিতা করছে। তারা কাদিয়ানি উপাসনালয় সম্বলিত সাইনবোর্ড আহমদিয়া মসজিদে ঝুলিয়ে দিচ্ছে। এটা সুস্পস্টভাবে সংবিধানের মৌলিক অধিকারের ৪১ নং ধারা লঙ্ঘন।
তিনি মুফতি নুরানীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকেও দায়ি করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মুফতি নুরানীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে কিন্তু প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সে তার সংগঠনের কর্মকান্ড পরিচালনা করছে।
এসএপিইউএফসির প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরায় আন্তর্জাতিক খতমে নবুয়্যাত আন্দোলর্নে মৌলবাদী কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে মার্কিন কংগ্রেস, ইউরোপীয় ইউনিয়ন, এমনেষ্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এর কিছু মন্তব্যও সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মৌলবাদী সংগঠন কতৃক আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তঃ মুসলিম সহিংসতা নিয়ে ১৯৫৪ সালে প্রকাশিত বিচারপতি মুনির কমিশনের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ এবং ঘাতক দালার নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল উপস্থিত ছিলেন।
