২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদার্থবিজ্ঞানের গবেষণায় নতুন সুপার কম্পিউটার

পদার্থ বিজ্ঞানের গবেষণার জন্য এসেছে নতুন এক সুপার কম্পিউটার। নিউইয়র্কের ব্রুক হেভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জির (ডিওই) এক ডেডিকেশন সেরিমনিতে নতুন প্রযুক্তির এ কম্পিউটারের ঘোষণা দেওয়া হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ডিওই’র সূত্রে জানা গেছে, এ সুপার কম্পিউটারের ডিজাইনার এবং প্রস্তুতকারক হলো বিএনএল, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, আইবিএম, জাপানের ইন্সটিটিউট অব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রিসার্চ (আরআইকেইএন) এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়।

পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ সুপার কম্পিউটার নির্মাণে সময় লেগেছে তিন বছর। আরআইকেইএন’র অর্থায়নে এ কাজে অবকাঠামোগত সহায়তা দিয়েছে ডিওই’র অফিস অব সায়েন্স।

এই সুপার কম্পিউটারকে আরআইকেইএন এবং বিএনএল’র গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়েছে এবং এটাকে বলা হয় কিউসিডিওসি। কিউসিডিওসি দিয়ে একটি চিপের ‘কোয়ান্টাম ক্রোমো ডায়নামিকস’কে বোঝানো হয়। কোয়ান্টাম ক্রোমো ডায়নামিকস হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানে ব্যবহৃত একটি তত্ত্ব। এ তত্ত্বের মাধ্যমে অতিপারমাণবিক কণিকাগুলোর আন্তঃক্রিয়া বিশ্লেষণ করা হয়ে থাকে।

দ্রুত গণনার দিক থেকে ১০ টেরাফ্লপ ক্ষমতা সম্পন্ন এই সুপার কম্পিউটার। এটি সেকেন্ডে ১০ ট্রিলিয়ন সংখ্যা গণনা করতে সক্ষম। কিউসিডিওসি’র অস্বাভাবিক দ্রুত গতি ১২ হাজার ২৮৮ টি আলাদা কম্পিউটারকে এক সাথে সংযুক্ত করতে পারে এবং সবগুলোর মেমোরি তার নিজের মেমোরিতে ধরে রাখতে পারে।

গবেষকরা আশা করছেন, এই নতুন সুপার কম্পিউটারের সাহায্যে পদার্থ বিজ্ঞানসহ বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সম্ভব হবে।