মাদারীপুরে তরল দুধ ও শিশু খাদ্যের অভাব: শিশুরা অপুষ্টির শিকার
জেলার ৪টি উপজেলায় চাহিদার তুলনায় দুধ উৎপাদন হ্রাস পাওয়ায় এবং শিশু খাদ্যের অভাবে হাজার হাজার শিশু অপুষ্টিজনিত রোগে ভূগছে।
সূত্র জানায়, জেলার কালকিনি, রাজৈর, শিবচর ও মাদারীপুর সদর উপজেলায় মোট ১১ লাখ ৭০ হাজার ৭০২ জন লোকের বাস। এ অঞ্চলে জনসংখ্যার তুলনায় দুধ উৎপাদন একেবারেই নগণ্য।
পশু সম্পদ বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, জেলায় ৫ লিটার দুধ দেয়া গাভীর সংখ্যা ১ হাজার ৪৯৫টি, ৫ লিটারের কম দুধ দেয়া গাভীর সংখ্যা প্রায় ৮ হাজার।
এ সব গাভী থেকে বছরে দুধ পাওয়া যায় ৮৮ লাখ ২০ হাজার লিটার। কিন্তু চাহিদা ৩ কোটি ৭০ লাখ ৮০ হাজার লিটার। প্রতি বছর ২ কোটি ৮১ লাখ ৮৮ হাজার লিটার দুধের ঘাটতি থেকেই যায়।
জানা যায়, দুধের এই উৎপাদন হ্রাসের কারনে বর্তমানে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। বাজারে দুধের মূল্য বৃদ্ধির কারণে খাঁটি দুধ দু®প্রাপ্য হয়ে উঠেছে। অধিকাংশ দুধ ব্যবসায়ী দুধে পানি ও পাউডার মিশিয়ে অবাধে বাজারে বিক্রি করছে।
এদিকে, অনেকের গাভী পালনের ইচ্ছা থাকলেও ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা না পাওয়ায় এবং গো খাদ্যের তীব্র সংকটের জন্য তা সম্ভব হচ্ছে না। সরকারীভাবে জেলার কোথাও কৃষকদের দুধ উৎপাদনকারী খাদ্য চাষে অনুপ্রেরণা দেয়া হয় না। ফলে দুধ উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে বলে কৃষকরা অভিযোগ করছে।
অন্যদিকে রেডকাউ, ডানো, সেরিল্যাক, ল্যাকটোজেন, নেস্প্রে প্রভৃতি কৌটা বা প্যাকেটজাত শিশু খাদ্যের মূল্য আকাশচুম্বি। তাও আবার বাজারে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না। তাই অনেকেই একান্ত নিরুপায় হয়ে শিশুদের আটা, ময়দা, চালের গুড়া বা সুজি খাওয়াচ্ছে। এ সকল খাদ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শিশুরা পুষ্টিহীনতার শিকার হচ্ছে।
এ ব্যাপারে অভিজ্ঞ মহলের ধারণা, শিশু খাদ্যে সরকারী কোনও ভর্তুকি না দিলে শুধু মাদারীপুরেই নয়, সারা দেশে হাজার হাজার শিশু পুষ্টিহীনতার কারণে অকালে মারা যাবে।
