খুলনায় এসিড নিক্ষেপে এক শিশু নিহত, আহত ২
খুলনা জেলার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত এসিডে ঝলসে এক আট মাসের শিশু নিহত হয়েছে। আহত হয়েছে পরিবারের আরও দু’জন।
এলাকাবাসী বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় দরজা খোলা রেখে রেক্সোনা (২৮) তার শিশুপুত্র বাদশাহ (৬) ও ও কন্যা মুক্তাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় চার-পাঁচ জনের একটি দুষ্কৃতকারী দল ঘরে ঢুকে ঘুমিয়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। নিক্ষিপ্ত এসিডে তিন জনেরই শরীর ঝলসে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মারা যায়। অন্য দু’জনের অবস্থা খারাপ হতে থাকলে শুক্রবার তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
নিহত মুক্তার বাবা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তার ডিসিআর প্রাপ্ত ঘের দখল করতে না পেরে সন্ত্রাসীদের দ্বারা এসিড হামলা চালিয়েছে।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, ঘটনার পর কেউ মামলা দায়ের করতে আসেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) কেউ গ্রেফতার হয়নি।
