পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আস্থা অর্জনের উদ্দেশ্যে ভারত সফর করবে
বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতের মধ্যে আস্থা গড়ে তুলতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি ভারত সফর করার সিদ্ধান্ত নিয়েছে। সফরকালে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ব্যারিষ্টার জিয়াউর রহমান খান। বৈঠকে প্রতিবেশী দেশটির সাথে সাম্প্রতিক সময়ে সৃষ্ট টানাপোড়েন নিয়ে বিশদ আলেচনা করা হয়।
সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ’র সাংসদ কাজী জাফর উল্লাহ বলেন, বৈঠকে আমরা ভারত সফরের ব্যাপারে ক্ষমতাসীন জোটের প্রস্তাব মেনে নিয়েছি।
তিনি বলেন, আমরা দ্বন্দ্ব বৃদ্ধির পরিবর্তে সমস্যা সমাধানে সবসময় দ্বিপক্ষীয় আলোচনাকে সমর্থন করি।
তিনি আরও বলেন, ভারতীয় সরকারসহ প্রতিটি রাজনৈতিক দল অভিযোগ করেছে যে বাংলাদেশ ভারত বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।
তাদের (ভারতের) অভিযোগ প্রত্যাখানের পরিবর্তে সরকারের উচিত সঠিক ও সুষ্ঠু তদন্ত ও বিদ্রোহীদের (যদি থাকে) বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতির কোনও কারণ নেই। গত কয়েক বছরে সম্পর্কের আরও অবনতি হয়েছে।
ভারতের সকল দাবি সত্য নাও হতে পারে, কিন্তু সরকার কেন সেদিকে দৃষ্টি দিবে না, এই বলে আওয়ামী লীগ’র সাংসদ প্রশ্ন করেন। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এ ধরণের বিদ্রোহী কাউকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেইনি।
ক্ষমতাসীন দলের এমপি লেঃ জেঃ (অব) মাহবুবুর রহমান বলেন, পুশইন ও নদী সংযোগ প্রকল্পসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের উচিত ভারতের সাথে আলোচনা অব্যাহত রাখা। ভারতের সাথে সম্পর্কে যে সব ভুল রয়েছে আমাদেরকে সেগুলো শোধরাতে হবে।
সরকারের ‘লুক ইষ্ট পলিসি’ উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, এই নীতির কারণে বাংলাদেশের মূল পররাষ্ট্রনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়।
মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বৈঠক সূত্র জানিয়েছে, চীন ও মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই ভাল ছিলো। ‘লুক ইস্ট পলিসি’র কারণে দেশ দুটির সম্পর্কে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বরং দেশ দুটির সাথে সম্পর্কের অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
