ভ্যাপসা গরমে সারাদেশে জনজীবন বিপন্ন, বেড়েছে আর্দ্রতা ও তাপমাত্রা
ভ্যাপসা গরমে ঢাকাসহ সারাদেশে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আকাশে মেঘের উপস্থিতির কারণে এ ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
আবহাওয়াবিদদের মতে, অন্তত একদিন পরপর বৃষ্টি হলেই কেবল এ ভ্যাপসা গরম কাটতে পারে। তবে এ অবস্থা আরও দু’তিন দিন থাকতে পারে।
এদিকে ভ্যাপসা গরমে বৃহস্পতিবার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তৃষ্ণা মেটাতে মানুষকে ছুটতে হয় পানি অথবা রাস্তার পাশের ফলমূলের অস্বাস্থ্যকর ও খোলামেলা দোকানে। এসব খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে অস্বাস্থ্যকর পানি ও খাবার গ্রহণের ফলে মানুষ ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন অন্তত ২৫০ থেকে ৩০০ জন রোগী ওই হাসপাতালে ভর্তি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৩ শতাংশ এবং সর্বনিু ৭৪ শতাংশ। এ আর্দ্রতা বিকেলে সর্বোচ্চ ৭৮ শতাংশ এবং সর্বনিু ৭৫ শতাংশ ছিল। দিনে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পায়।
সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু ২৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকায় সর্বনিু তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ঢাকায় সর্বনিু তাপমাত্রা দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। একই অবস্থা খুলনাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিু শ্রীমঙ্গলে ২১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মোহাম্মদ শাহজাহান বিডিনিউজকে জানান, বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দেশের আকাশে মেঘের উপস্থিতি ছিল পর্যাপ্ত। মেঘের উপস্থিতির কারণে এ গুমোট অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি জানান, বৈশাখ ও জৈষ্ঠ্য মাস অত্যন্ত গরমের মাস। এ সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। দু’একদিনের মধ্যে বৃষ্টি হলে এ অবস্থার পরিবর্তন হতে পারে। তবে দু’একদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে ভ্যাপসা গরমের কারণে রাজধানী ঢাকার পানির দোকান এবং রাস্তার পাশে ফলমূলের খোলা ও অস্বাস্থ্যকর দোকানগুলোতে মানুষের ভিড় দেখা যায়।
