২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দী বিনিময় চুক্তি ও আইনী সহায়তার মাধ্যমে বিদেশে বাংলাদেশী বন্দীদের ফিরিয়ে আনা হবে

বন্দী বিনিময় চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশের কারাগারে বাংলাদেশী বন্দীদের ফিরিয়ে আনা ও বাংলাদেশের কারাগারগুলোতে আটক বিভিন্ন দেশের বন্দীদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার স্বরাষ্ট্্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কারা সংস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৈঠকে বলা হয়, দেশের কারাগারে আটক বিদেশী বন্দীদের নামের তালিকা তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই সব দেশের সাথে বন্দী বিনিময় চুক্তি ও আইনী সহায়তার মাধ্যমে ফেরৎ পাঠানো এবং একইভাবে বিদেশের কারাগারে বাংলাদেশী বন্দীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কারাগারে মোট ৩২২জন বিদেশী বন্দী রয়েছে।

অপরদিকে বিভিন্ন দেশে বাংলাদেশী বন্দীর সংখ্যা ৪,১২৪ জন। এর মধ্যে সন্ত্রাসীও রয়েছে। বিদেশে বন্দীদের মধ্যে ১,০২৮ জনকে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনী সহায়তা প্রদান করা হয়েছে।

বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ২৫,২৪৯ জন মুক্তি পেয়েছে।

যারা বিনা বিচারে কারাগারে রয়েছেন তাদের বিষয়েও সভায় ব্যাপক আলোচনা হয়। ১০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে (বয়স,স্বাস্থ্য ইত্যাদি বিবেচনা করে) আইনজীবীদের সাথে পরামর্শ করে আইনী সহায়তার মাধ্যমে মুক্তিদানের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।

বৈঠকে বিলুপ্ত জননিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। এই আইনে এখনও দেশের বিভিন্ন কারাগারে মোট ৩৪ জন আটক রয়েছে। তাদের আইনী সহায়তার মাধ্যমে কিভাবে মুক্তি দেওয়া যায়, সে ব্যাপারেও আলোচনা হয়।

সভায় জেল কোড আইন সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় কারাগারে ভিডিও ক্যামেরা স্থাপনসহ দেশের সকল কারাগারকে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ১৭ লাখ মার্কিন ডলারের একটি প্রকল্প পরীক্ষাধীন রয়েছে।

এর মাধ্যমে আসামির নামের তালিকা, ধরন, সাজার মেয়াদসহ অন্যান্য বিষয় অতি সহজেই জানা যাবে।

নাজিমউদ্দিন রোডস্থ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের জন্যে ৩৯৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হয়েছে।

ঢাকার পাশে কাশিমপুরে ১৪২ কোটি টাকা ব্যয়ে মহিলা কারাগার নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বর্তমানে কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা ২,৭০০ হলেও এখানে ১২ হাজার বন্দী রয়েছে।

সারাদেশে কারাগারগুলোর ধারণক্ষমতা ২৬,৫০০ হলেও মোট বন্দীর সংখ্যা ৭৪,৯০০।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাগণ।