গাইবান্ধা ও সাতক্ষীরায় গৃহবধূ এসিডদগ্ধ
গাইবান্ধা ও সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই গৃহবধূ এসিডদগ্ধ হয়েছে।
সূত্র জানায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে মঞ্জুয়ারা বেগম (২২) নামে এক গৃহবধূ এসিডদগ্ধ হয়েছে।
পুলিশ ও আহতের পারিবারিক সূত্র জানায়, ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিরোধী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন আহতের পরিবার।
নিক্ষিপ্ত এসিডে গৃহবধূ মঞ্জুয়ারার পিঠ ও বুক ঝলসে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপর ঘটনায়, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোড়া গ্রামে বুধবার গভীর রাতে আনোয়ারা খাতুন (৩৪) নামের এক গৃহবধূ এসিডদগ্ধ হয়েছে।
পুলিশ জানায়, একই গ্রামের বিল্লাল ও জাকির নামের দুই যুবক রাতে ঘুমিকে থাকা অবস্থায় জানালা দিয়ে গৃহবধূ আনোয়ারাকে লক্ষ্য করে এসিড ছুরে মারে। নিক্ষিপ্ত এসিডে আনোয়ারার মুখমণ্ডল ঝলসে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি।
