২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়’স লেকে ইঞ্জিন চালিত নৌকা নিষিদ্ধ

রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার বিনোদন কেন্দ্র ফয়’স লেকে ইঞ্জিন চালিত সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রেলওয়ে সূত্র জানায়, ফয়’স লেকের পানি ব্যবহার করে গত এক সপ্তাহে শতাধিক মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ে।

অন্যদিকে, চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারিসহ প্রায় ৫০ হাজার মানুষ ফয়’স লেকের পানির ওপর নির্ভরশীল।

কনকর্ড ইন্টারন্যাশনাল গত বছর থেকে রেলওয়ে মালিকানাধিন ফয়’স লেক ও এর সংলগ্ন এলাকায় বিনোদন কেন্দ্র নির্মাণ করছে।

রেলওয়ে ও কনকর্ডের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী লেকে সবধরনের নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে।

রেলওয়েতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের পরিবার পরিজন অসুস্থ হয়ে পড়ায় প্রেক্ষিতে বুধবার রেলওয়ে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ ও শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) ফয়’স লেকে এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ও রেলওয়ে জেনারেল ম্যানেজার সুলতান আহমদ বরাবর স্মারকলিপি জমা দেয়।

এরপর রেলওয়ে কর্তৃপক্ষ কনকর্ডকে বুধবার সন্ধ্যার আগে ইঞ্জিন চালিত নৌযান বন্ধের জন্যে নোটিশ দেয়।

ফয়’স লেকের পানি দূষিত হওয়ার কারণ অনুসন্ধান করার জন্যে রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন-এজিএম বজলুর রহমান, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার মাহবুবুর রহমান, বিভাগীয় প্রকৌশলী-২ রফিকুজ্জামান ও বিভাগীয় মেডিকেল অফিসার ডা.জিপি সাহা।