২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অধিকার প্রতিষ্ঠা ও ধর্মীয় উগ্রতা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ ‘নীরব সামাজিক বিপ্লবের’ সূচনা করেছে: মোরশেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং ধর্মীয় উগ্রতা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ ‘নীরব সামাজিক বিপ্লবের’ সূচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ওয়াশিংটন টাইমসে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এটা আমাদের জন্য নীরব সামাজিক বিপ্লব। চাইলেও এখন আর আমাদের নারীদের শুধু রান্নাঘরে ফিরিয়ে নেয়া যাবে না। কারণ অর্থনৈতিক সুযোগ সুবিধা না থাকলে তারা চরমপন্থীদের লক্ষ্যে পরিণত হবে।

মোরশেদ খান এ সপ্তাহে ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যান।

সাক্ষাৎকারে তিনি নারীদের অবৈতনিক শিক্ষা, কাজের সুযোগ সুবিধা এবং রাজনৈতিক ক্ষমতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, নারীদের শ্রমের প্রধান স্রোতধারায় নিয়ে আসা আমাদের পরিকল্পনায় রয়েছে।

মোরশেদ খান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন জে হ্যাডলি এবং সিনিয়র আইন প্রণেতাদের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশে ইরাক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিগত সমস্যা হয়েছে বলে মোরেশেদ খান উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের এ ইস্যুতে এক সাথে কাজ করা প্রয়োজন। মার্কিন য্ক্তুরাষ্ট্র এখনও বাংলাদেশকে ভাল বন্ধু হিসেবে বিবেচনা করে।

তিনি ‘মুসলিম গণতন্ত্র’ প্রসঙ্গে বলেন, এ রকম আলাদা কিছু নেই। গণতন্ত্র গণতন্ত্রই।