২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে ক্যান্সার সোসাইটি এবং এফপিএবি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোসাইটির সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ডা. এম এ মাজেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রপতি ক্যান্সার সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে বলেন, দেশে ক্যান্সারের বিস্তার রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিনিধি দল তাকে বাংলাদেশে ক্যান্সার সোসাইটির ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম এর অস্থায়ী হাসপাতাল কাঠামো নির্মাণ সম্পর্কে অবহিত করেন। বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানা যায়।

সোসাইটির নেতৃবৃন্দ সম্প্রতি তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করায় রাষ্ট্রপতি ও সরকারকে ধন্যবাদ জানান এবং এ আইন কঠোরভাবে প্রয়োগের জন্য অনুরোধ করেন। তারা এ বছরের শেষদিকে ক্যান্সার হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। তারা সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ ফজলুল হকের মৃত্যু এবং সোসাইটির উদ্যোগে লটারি ও গণশিক্ষা অন্যান্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় সাবেক মন্ত্রী ও সচিব মো. মাহবুব-উজ-জামান, অধ্যাপক এ কাশেম, ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, মো. আবদুর রশিদ, ডা. সি এম দিলওয়ার রানা, আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, ডা. শ ম কবীর প্রতিনিধিদলে ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সচিব এম আবু সোলায়মান চৌধুরী ও রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)র নয় সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এফপিএবি’র সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রপতি নারীর ক্ষমতায়ন ও মাইক্রোক্রেডিট কর্মসূচির পাশাপাশি মেয়েদের প্রতি এসিড নিক্ষেপ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।