জিএমজি এয়ার ১ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু ও ঢাকা-কলম্বো রুটে ফ্লাইট চালু করছে
বেসরকারি বিমান সার্ভিস জিএমজি এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু ও ঢাকা-কলোম্বা-মালে এই দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
জিএমজি’র ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার বুধবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এ জন্য তারা শিগগিরই সংগ্রহ করতে যাচ্ছেন একটি ১৪০ আসনের সুপরিসর বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। নতুন দুটো রুট চালু হলে আন্তর্জাতিক চারটি রুটে জিএমজি’র বিমান চলবে।
১৯৯৮ সালে জিএমজি তিনটি ড্যাশ এইট ফ্লাইট দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করে। গত বছর তারা ঢাকা-কলকাতা ও চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে পা বাড়ায়।
১৯৭৮ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় আকাশচুক্তি স্বাক্ষর হয়। ১৯৯৬ সালে এই চুক্তি পর্যালোচনা করা হয়। এর আট বছর পর গত সোমবার বাংলাদেশের সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমডোর একেএম হারুন চৌধুরী এবং নেপালের সিভিল এভিয়েশন চেয়ারম্যান ইয়ঙ্গা প্রসাদ গৌতম ওই চুক্তি নতুন করে পর্যালোচনা করেন।
এই চুক্তির ফলে দুদেশেরই বেসরকারি এয়ারলাইন্সের জন্য কাঠমান্ডু ও ঢাকার আকাশ খুলে যায়। অবশ্য এরই মধ্যে নেপালের বেসরকারি কসমেক এয়ার কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট চালনা শুরু করেছে।
জিএমজির ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার জানান, তাদের কাঠমান্ডু ও কলম্বো ফ্লাইট চালানোর জন্য বাংলাদেশ সিভিল এভিয়েশনের সব ধরনের ছাড়পত্র রয়েছে। এরই মধ্যে তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব হ্যাঙ্গার স্পেসের বরাদ্দ চেয়ে সিভিল এভিয়েশনের আবেদন করেছেন।
তিনি জানান, তাদের পরিকল্পনা রয়েছে, সপ্তাহে সাতদিনই কাঠমান্ডু ফ্লাইট চালানোর। আর কলোম্বো ফ্লাইট চলবে সপ্তাহে তিনদিন। অবশ্য এসব রুটে যাত্রী ভাড়া কতো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
সাহাব সাত্তার বলেন, ‘আমাদের ফ্লাইটের ভাড়া কোনোভাবেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেযে বেশী হবে না। আমরা বাড়তি যাত্রী সেবা দিয়েই প্রতিযোগিতায় টিকতে চাই। কাঠমান্ডু ফ্লাইটে পাঁচ তারকা হোটেল সুবিধাসহ বাড়তি ভাড়ার প্যাকেজ ট্যুরের পরিকল্পনাও আমাদের রয়েছে।’
তিনি বলেন, যাত্রী চহিদা দেখে প্রয়োজনে আমাদের বোয়িং-৭৩৭ ছাড়াও আরেকটি সুপরিসর উড়োজাহাজ লিজ নিতে হতে পারে। এ জন্য আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক রুটে সার্ভিস চালিয়ে এদেশের রাজস্ব আয় ও পর্যটন সুবিধা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে জিএমজি। তবে এ কথাও সত্যি, এদেশের যোগাযোগ, বিনোদন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যটন সুবিধা বাড়ানোর প্রধান বাধা।
সাহাব সাত্তার বলেন, এত কিছুর পরেও দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই আমরা আগামী শীত মৌসুমে সপ্তাহে সাতই দিনই ঢাকা-কক্সবাজার ফ্লাইট চালাবো বলে আশা রাখি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএমজির পরিচালক (বিপনন ও বিক্রয়) ইসমাইল আর. চৌধুরী, মহাব্যবস্থাপক (ক্রয়) ইউং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম, ব্যবস্থাপক বিজয় আলরেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
