চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত
চট্টগ্রামের পটিয়ায় মঙ্গলবার রাতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফাজিলখার হাট এলাকায় সিএনজি ট্যাক্সি আরোহী পাঁচ যুবককে জনতা সন্দেহের বশে আটক করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গণপিটুনির শিকার হয়।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচ যুবক ও টেক্সি চালককে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তিন যুবককে মৃত ঘোষণা করে।
নিহত যুবকরা হলো- রাজীব কুমার আচার্য্য (২৫), রিঙ্কু আচার্য্য (২৪) ও আরিফ (২৪)। আহত অপর দুই যুবকের নাম নিজাম ও কামরুল হাসান।
পুলিশ জানায়, মৃত্যুর আগে ওই তিন জন স্বীকার করে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ট্যাক্সি নিয়ে বের হয়েছিল।
আটক চালককে পটিয়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
