লক্ষ্মীপুরে একশ’ দুস্থ পরিবারের মাঝে ঋণ বিতরণ
জেলার রামগঞ্জ উপজেলার লামচরস্থ আবাসন প্রকল্পের একশ’ দুস্থ পরিবারের মাঝে মঙ্গলবার সাত লাখ টাকার ঋণ বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে আবাসন প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমায়েত উদ্দীন, প্রকল্পের সভাপতি ফজলুল বারী ভুঁইয়া ও স্থানীয় পৌর চেয়ারম্যান শেখ মোহাম্মদ আমীন উল্লাহসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ১০০ পরিবারের মধ্যে ৬৫ জনকে নগদ চার লাখ চৌদ্দ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বাকীদের পরবর্তীতে অবশিষ্ট টাকার ঋণ প্রদান করা হবে বলে জানানো হয়।
এর পূর্বে প্রতিমন্ত্রী লামচর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে লামচর হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথী হিসেবে বক্তৃতা করেন।
