২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সভায় সন্ত্রাসী হামলা, ৩৫ নেতাকর্মী আহত

লক্ষ্মীপুর জেলা সদরের চরভূতা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের এক সভায় মঙ্গলবার রাতে বিএনপি সমর্থক সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 11:52 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু‘জনের অবস্থা আশংকাজনক।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, চরভূতা গ্রামের মেঘনা বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নির্ধারিত সভা চলাকালে মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপি সমর্থক এমরান, ছবি ও খালেকের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়।

হামলায় আওয়ামী লীগের কমপক্ষে ৩৫ নেতাকর্মী আহত হয়।

গুরুতর আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেউদ্দিন নিজাম, আওয়ামী কর্মী মমতাজুল করিম, শাহ আলম, নুরুল করিম খোকন, আব্দুল হালিম মাস্টার, নূর হোসেন ডিলার এবং ভবানীগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন বিহারী ঘোষ।

এদের মধ্যে মোসলেউদ্দিন নিজাম ও মমতাজুল করিমের অবস্থা আশংকাজনক।

জানা যায়, সন্ত্রাসীরা হামলার সময় বিজন বিহারীর মোটর সাইকেল ও নিজামের মোবাইল নিয়ে যায়। এছাড়াও তারা নিজাম এবং খোকনের টেলিফোনের লাইন বিচ্ছিন্ন করে দেয়।

জেলা আওয়ামী লীগ এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলার জন্য দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।