২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেলের মূল্য বেড়ে যাওয়ায় বাস ও লঞ্চের ভাড়া ১৫ ভাগ বাড়তে পারে

ডিজেলের মূল্য মঙ্গলবার ১৩ ভাগ বেড়ে যাওয়ায় বাস ও লঞ্চের ভাড়া ১৫ ভাগ বাড়তে পারে। বাস ও লঞ্চ মালিকদের সংগঠনের নেতারা এ কথা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নগর বাস পরিচালনাকারিরা বলেছেন, এখন বাস ভাড়া বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোন বিকল্প নেই। গত বছরের ডিসেম্বরে ডিজেলের মূল্য বৃদ্ধি হলে তখন নগর বাসরুটের ভাড়া বাড়েনি। কিন্তু তখন আন্ত জেলা বাস সার্ভিসের ভাড়া ১০ থেকে ১৫ ভাগ বাড়িয়েছিল মালিকরা।

ঢাকা নগরের একজন বাস মালিক এ প্রসঙ্গে বলেন, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৬ টাকা। এ অবস্থ্য়া ভাড়া বাড়ানো আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি জিএম সিরাজ এমপি অবশ্য শিগগিরই বাস ভাড়া বাড়ানোর সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।

তিনি বলেন, এ সপ্তাহে আমরা সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিনি বিডিনিউজকে আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি বাস ভাড়া বাড়ানোর পক্ষে নই। কিন্তু একই সঙ্গে মালিকরা ক্ষতিগ্রস্ত হোক তা চাই না।

বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে প্যাসেঞ্জার কেরিয়ারস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান বাদল জানান, আমরা ইতিমধ্যেই সরকারের কাছে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ থেকে ২০ পয়সা বাড়ানোর জন্য প্রস্তাব করেছি। ডিজেলের মূল্যবৃদ্ধির পর সরকার এ বিষয়টি বিবেচনা করবে বলে আশা করছি।

বর্তমানে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ৭৫ পয়সা।

সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বাড়ার কারণে নগরীর ট্যাক্সিক্যাবের ভাড়া বৃদ্ধির কোন কারণ নেই, কারণ এগুলো সিএনজিতে চলে।