২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ টাস্কফোর্স অভিযান: পঞ্চগড়ে ছিটমহল থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

বেহুলাডাঙ্গা ছিটমহল থেকে প্রশাসন, বিডিআর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজাসহ বিপুল সংখ্যক গাঁজা গাছ উদ্ধার করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:25 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সূত্র জানায়, সোমবার পরিচালিত বিডিআর-পুলিশের এই যৌথ টাস্কফোর্স অভিযানটি খুব গোপন হলেও খবরটি আগেভাগেই এলাকায় ফাঁস হয়ে যায়। যার কারণে অধিকাংশ গাঁজা চাষীই রবিবার রাতেই বাড়ি থেকে গাঁজা সরিয়ে ফেলেন। গাঁজার ক্ষেতও রাতারাতি বিনষ্ট করে ফেলেন তারা।

যাই হোক, স্থানীয় জনগনের সহায়তায় বিডিআর-পুলিশ আশ-পাশের বাঁশ ঝাড়, ঝোপ-জঙ্গল এবং ঘরের মেঝের মাটির নীচ থেকে উদ্ধার করেছে পোটলাভর্তি গাঁজা।

বিডিআর-পুলিশের যৌথ এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ২২ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী হালিমুর রশিদ, উপ-অধিনায়ক মেজর খিজির খান, ম্যাজিষ্ট্রেট আবু হোরায়রা, কাষ্টমস কর্মকর্তা আব্দুল হাই এবং দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

ওইদিন দুপুরেই ম্যাজিষ্ট্রেট ও কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে বিডিআর কর্তৃক উদ্ধারকৃত গাঁজার গাছ, চারা, ও গাঁজা আগুনে পুড়ানো হয়।

উল্লেখ্য, এর আগেও দু‘বার একই ছিটমহল থেকে পুলিশ-বিডিআর যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ির উঠান ও জমি থেকে কোটি টাকার গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করে এবং পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে।