২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিইসি নিয়োগ প্রত্যাখান করেছে আ.লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ’র নিয়োগকে প্রত্যাখান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন, দেশবাসী ও সকল গণতান্ত্রিক শক্তির দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে দলীয়করণের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে যে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা তা প্রত্যাখান করেছি।

তিনি বলেন, যখন দেশবাসী ঐকমত্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রত্যাশা করছিলো তখনই বিএনপি-জামাত জোট সরকার এককভাবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিচারপতি এমএ আজিজকে নিয়োগ দান করেছে।

প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারের একতরফা ঘোষণা থেকে প্রমাণ হয়, বিএনপি-জামাত জোট সরকার তাদের বিজয় সুনিশ্চিত করতে যে নীলনকশা প্রণয়ন করেছে, তার অংশ হিসেবে একজন অনুগত দলীয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছে।

পরবর্তী নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ সরকার বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা বাড়িয়ে নিজ দলের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগের ব্যবস্থাও পাকাপোক্ত করেছে বলে জলিল জানান।

কেন আওয়ামী লীগ কোনও সিইসি’র নাম প্রস্তাব করেনি, তার উত্তরে জলিল বলেন, সরকার যদি চাইতো, তাহলে আমরা নাম প্রস্তাব করতাম। অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিইসি পদের জন্যে নাম চেয়ে সাবেক বিরোধী দলের নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে দু বার চিঠি পাঠিয়েছিলেন।