ফরিদপুরে ছেলের আত্মহত্যার শোকে মায়ের আত্মহত্যা
মায়ের সঙ্গে অভিমান করে এসিড পানে পুত্রের মৃত্যুর খবর পেয়ে মা নিজেও আত্মহত্যা করেছেন। সোমবার ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, পশ্চিম খাবাসপুরের লন্ড্রি মালিক রবীন্দ্রনাথ দাসের পুত্র চন্দন দাস (১৭) একটি জুয়েলারি কারখানায় কাজ শিখত। গত কয়েকদিন ধরে সে কাজে না যাওয়ায় রোববার রাতে মা আন্না রানী দাস (৪৭) তাকে বকাঝকা করেন। ওই রাতেই অভিমান করে চন্দন এসিড পান করে।
গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ভোর রাতে তার মৃত্যু হয়। পুত্রের মৃত্যুর খবর পেয়ে মা আন্না রানী দাস সকাল সাড়ে আটটার দিকে গুল খেয়ে আত্মহত্যা করেন। এদিকে একই সঙ্গে স্ত্রী এবং পুত্রের মৃত্যু শোকে পাথর হয়ে গেছেন রবীন্দ্র নাথ দাস।
