২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটেলের পোস্ট পেইড ব্যবহারকারীরা ১ সেকেন্ড পালস এবং লাইন রেন্টের ক্ষেত্রে সুবিধা পাবেন

একটেল পোস্ট পেইডের গ্রাহকরা নতুন প্যাকেজে ১ সেকেন্ড পালস সুবিধা পাচ্ছেন। ‘পোস্ট পেইড রিডিফাইনড’ নামের এই নতুন প্যাকেজটি শনিবার থেকে চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

একটেলের চিফ অপারেটিং অফিসার বিজয় ওয়াটসন রাজধানীর একটি হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রাহকরা নতুন প্যাকেজে প্রথম মিনিট থেকেই পালস সুবিধা পাবেন। দেশের ভেতরে তাদের ইন্টার জোনাল বা রোমিং চার্জও দিতে হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে পোস্ট পেইড গ্রাহকরা মাসিক লাইন রেন্টের ক্ষেত্রে দু হাজারের বেশি টাকার এয়ারটাইমের জন্য একশ ভাগ সুবিধা এবং এক হাজার পাঁচশ থেকে দু হাজার টাকার এয়ারটাইমের ক্ষেত্রে ৫০ শতাংশ সুবিধা ভোগ করছে।

পোস্ট পেইড সংযোগের ক্ষেত্রে সরাসরি আন্তর্জাতিক ডায়ালিং (আইডিডি) এবং আন্তর্জাতিক রোমিং সুবিধা (এআইআরএস) প্রযোজ্য হবে। পোস্ট পেইডে দেশের বাইরে থাকার সময়ও কল রিসিভের সুবিধা পাওয়া যাবে।

বর্তমানে দেশের ৬১টি জেলায় একটেলের নেটওয়ার্ক কভারেজ রয়েছে। মোট ১৭ লাখ একটেল গ্রাহকের মধ্যে পোস্ট পেইড ব্যবহারকারীর সংখ্যা এক লাখ। এ বছর একটেলের মোট বিনিয়োগ ১৪ কোটি ডলার।

একটেলের চিফ ফাইনান্স অফিসার রাজা দূরে জানান, নতুন ব্যবহারকারীরা এখন থেকে সংশোধিত এবং কম রেটের সংযোগের সুবিধা পাবেন।

সংবাদ সম্মেলনে টিএন্ডটি মোবাইলের সাথে একটেলের আন্তঃসংযোগের বিষয়ে বলা হয়, এ ব্যাপারে আলোচনা চলছে এবং যত শিগগির সম্ভব আন্তঃসংযোগ নিশ্চিত করা হবে।