ঢাকা-চট্টগ্রাম দ্রুতগামী ইলেক্ট্রিক ট্রেন প্রবর্তনে সমীক্ষা জরীপের কাজ শিগগিরই শুরু হবে: যোগাযোগ মন্ত্রী
যোগাযাগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ঢাকা-চট্টগ্রাম দ্রুতগামী ইলেক্ট্রিক ট্রেন প্রবর্তনের লক্ষ্যে সমীক্ষা জরীপ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে।
রেলভবনের সম্মেলন কক্ষে সোমবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আয়োজিত এক সভায় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়ে খাতকে যাত্রী সেবার মানোন্নয়নে এবং মালামাল পরিবহনে যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
বৈঠকে রেলওয়ে উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, রেল যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করার লক্ষ্যে সরকার বাংলাদেশ রেলওয়ের জন্য এগারোটি লোকোমোটিভ সংগ্রহ করেছে। এছাড়া পঞ্চাশটি ব্রডগেজ ও পঞ্চাশটি মিটারগেজ যাত্রীবাহী আধুনিক রেলওয়ে কোচ আগামী কয়েক মাসের মধ্যে দেশে এসে পৌঁছাবে। চলতি অর্থ বছরে নতুন ছিয়ানব্বইটি ট্যাংক ওয়াগন বাংলাদেশ রেলওয়ের ফ্লিটে সংযুক্ত হবে।
বৈঠকে আরও বলা হয়, ঈশ্বরদী-জামতৈল সেকশনে সাতটি রেলওয়ে স্টেশনের আধুনিক সিগন্যালিং প্রকল্প বাস্তবায়নের কাজ সম্প্রতি শেষ হয়েছে। আগামী মাসে এর উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে।
যোগাযোগ সচিব মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আ ফ ম মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগন বৈঠকে উপস্থিত ছিলেন।
