২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা সামরিক প্রতিধিদলের ঢাকা ত্যাগ

জেনারেল লিয়াং গুয়াং লি-র নেতৃত্বে চীনের পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) ১১-সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল হাসান মশহুদ চৌধুরী সম্মানিত অতিথিদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাই শি উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলের প্রধান জেনারেল লিয়াং গুয়াং লি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

প্রতিনিধি দলের সদস্যবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এছাড়াও চীনের সামরিক প্রতিনিধিদল প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লেঃ জেনারেল মোঃ মাহাবুবুর রহমান (অবঃ), সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল হাসান মশহুদ চৌধুরী, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলি খান, এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল মুস্তফা রেজা নুর এর সাথে তাদের স্ব স্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

চীনের সামরিক প্রতিনিধি দল গাজীপুরের কাপাসিয়ায় ‘এসল্ট রিভার ক্রসিং’ এর উপর একটি সামরিক মহড়াও প্রত্যক্ষ করেন।