আদালতে মিছিল, সমাবেশ ও আদালত বর্জন কর্মসূচির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
হাইকোর্ট আইনজীবী এবং তাদের সংগঠনগুলোর আদালত চত্ত্বরে মিছিল, সমাবেশ ও আদালত বর্জনসহ সকল ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার সুয়োমটো রুল জারি করে এই আদেশ দেন।
বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এই আদেশকে দেশের ইতিহাসে প্রথম নজির বলে উল্লেখ করেছেন।
আদালতের এই আদেশ বাংলাদেশের যে কোনও আদালতে কর্মরত কোন আইনজীবী অমান্য করলে তা আদালত অবমাননা বলে গন্য হবে।
আদালত আদেশে আরও বলেন, যদি কেউ চূড়ান্তভাবে আদালত অবমাননা করেন তাহলে তাকে মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হবে।
আদেশে বলা হয়, যদি কেউ এই আদেশের ফলে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে এই আদেশের ব্যাপারে ব্যখ্যা চেয়ে আদালতে দরখাস্ত করতে পারবেন।
বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানকে এই আদেশ সকল রেজিস্টার্ড আইনজীবীকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক প্রচারমাধ্যমকে আদেশ সম্পর্কে অবহিত করতে নির্দেশ দিয়েছেন।
আদালত তার অভিমতে বলেন, আমরা গভীর দুঃখ ও হতাশার সাথে লক্ষ্য করছি, সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন একজন বিচারকের এলএলবি সার্টিফিকেট না থাকার অভিযোগ এনে তার বিরুদ্ধে আন্দোলন করছেন। বাংলাদেশ বার কাউন্সিল তার আইনজীবী সনদ বাতিল করেছে। ওই বাতিল আদেশ চ্যালেঞ্জ করে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় বার কাউন্সিল তাদের বৈঠকে বিষয়টিকে আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত করেছে।
একদল আইনজীবী ওই বিচারকের আদালত কক্ষে প্রবেশ করে বিচারকার্যে বাধা প্রদান করেন। তারা আদালতের বারান্দায় মিছিল করেন। আদালত বর্জন করেন এবং প্রধান বিচারপতিকেও আদালত বর্জনেরও হুমকি দেন। তারা দু বার প্রধান বিচারপতিকে আদালতে প্রবেশ করতে বাধা প্রদান করেন। তারা ওই বিচারপতিকে বিচার কাজ থেকে অব্যহতি না দিলে আদালত অচল করে দেয়ার কথা বলেন।
আদালত তার অভিমতে আরও বলেন, আইনজীবীদের এই দলের বিরুদ্ধে আরেকটি দল একই ধরনের কর্মসূচি দিচ্ছেন।
বেশ কয়েকটি স্থানীয় বার এসোসিয়েশন একই ধরনের কৌশল অবলম্বন করছে। সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশন আদালতের বাইরে এবং ভিতরে বার এবং বেঞ্চের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরির একটি প্রতীক। এই সম্পর্কটা এখন অবনতির দিকে, যা ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
ড.কামাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক, এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম এবং আজমাজুল হোসেন কিউসিকে মামলার আইনগত ব্যাখ্যা চাইতে ডাকা হতে পারে।
