টঙ্গীর বস্তিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্য
রাজধানী ও এর পাশ্ববর্তী এলাকা এবং বিশেষ করে টঙ্গীতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে জড়িত পেশাদার খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য হয়ে উঠেছে টঙ্গীর ছোট-বড় ২০-২৫টি বস্তি।
টঙ্গীর বস্তিগুলো শুধু সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলই নয়, জমজমাট মাদক ব্যবসারও কেন্দ্র। টঙ্গী শিল্পাঞ্চলের কুখ্যাত মাদক পল্লী মাজার বস্তিসহ টঙ্গীর অর্ধশতাধিক মাদক পয়েন্টে নেশাজাতীয় দ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। এক কালের ব্যস্ত শিল্প শহরটি এখন সন্ত্রাসীদের অভায়ারণ্য এবং সাধারণ মানুষের জন্য আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে।
’৭৪ এর দূর্ভিক্ষের পর দেশের বিভিন্ন স্থানের কর্মজীবী অভাবী মানুষ টঙ্গীতে এসে বিভিন্ন শিল্প-কারখানায় কর্মের সুবাদে আস্তানা করে। বর্তমানে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু লোক বেকার হয়ে পড়ে। বাঁচার তাগিদে এদের অনেকেই লিপ্ত হয়ে বিভিন্ন ঘৃণ্য কর্মে। টঙ্গী মাজার ও পীর সাহেবের মাজার-এই বস্তি দু’টি বর্তমানে
আন্তঃ জেলা অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে। সন্ত্রাসীরা তাদের স্ত্রী ও সন্তানদের বস্তিতে রেখে দেশের বিভিন্ন স্থানে অপরাধ চালিয়ে যাচ্ছে। আর স্বামীর অবর্তমানে গৃহিনীরা চালচ্ছে মাদক ব্যবসা।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জিয়া আন্তর্জাতিক কাস্টমস্ গোডাউন নিকটবর্তী হওয়ায় অতি সহজেইএই মাজারে উচ্চমূল্যে হেরোইন সরবরাহ হয়ে থাকে। প্রতিদিন টঙ্গীর বস্তিগুলোতে কোটি কোটি টাকার হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য প্রকাশ্যে ও গোপনে বেচা-কেনা হয়। ৭০-৭৫টি পাইকারী ও ১৩০-১৩৫টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এ ব্যবসা চালানো হচ্ছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসা নিয়ন্ত্রণের গডফাদারও বদলে যায়।
একটি বিশেষ সূত্র জানায়, একজন কুখ্যাত মাদক সম্রাট ও নিয়ন্ত্রক প্রতিমাসে ৪-৫টি বস্তি থেকে প্রায় ৮-১০ লাখ টাকা চাঁদা আদায় করে সরকার দলের স্থানীয় ৩-৪ জন রাজনৈতিক গডফাদার ও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে বণ্টন করে থাকে। পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করলেও উপর মহলের চাপে কারণে তা কিছু সময় পরেই আবার ছেড়ে দেয়। এই অপরাধ চক্রের দৌরাত্ব্যের কারণে টঙ্গীবাসী আতঙ্কের মধ্যে দিন যাপন করছে।
