২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থাভাবে মুখ থুবরে পড়েছে পানি উন্নয়ন বোর্ড

পানি উন্নয়ন বোর্ড চলতি অর্থ বছরে অর্থাভাবে কুড়িগ্রামে বন্যা ও ভাঙ্গনরোধে প্রতিরক্ষামূলক কাজ করতে পারেনি। অনুমোদনের অভাবে দীর্ঘদিন যাবত ফাইলবন্দী হয়ে আছে অতি গুরুত্বপূর্ণ ৬টি প্রকল্প। এর মধ্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিশ্রুত একটি প্রকল্প ফাইলবন্দী হয়ে আছে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সূত্র জানায়, চলতি মৌসুমে জরুরী প্রতিরক্ষা কাজের জন্য ১ কোটি ৬০ লাখ টাকার চাহিদা পাঠানো হলেও এখন পর্যন্ত কিছুই বরাদ্দ পাওয়া যায়নি। ফলে গোটা শুষ্ক মৌসুম স্থানীয় পাউবো হাত গুটিয়ে বসেছিল। আর ক‘দিন পরে বর্ষা শুরু হবে। ইতোমধ্যে নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে ভাঙ্গন। কিন্তু ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, বিকল্প বাঁধ তৈরি এবং ভাঙ্গন রোধে জরুরী তীর প্রতিরক্ষা কাজ করা হয়নি। এতে জেলার বন্যা সমতলে অবস্থিত ৬২টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদী ভাঙ্গনে ফসলি জমি, বাড়ি-ঘর, প্রতিষ্ঠান, হাটবাজার ও অবকাঠামো বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। বিপুল পরিমাণ ক্ষতির আশংকায় লাখ লাখ মানুষ শংকিত হয়ে পড়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৪ সালের দিকে চিলমারী সফরকালে ‘বৈরাগীর হাট থেকে চিলমারী বন্দর‘ পর্যন্ত ভাঙ্গন রোধ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। ১৯৯৬ সালের দিকে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির মডেল টেস্ট সম্পন্ন হয়। ১৯৯৭ সালে প্রকল্প প্রণয়ন করা হয়। তিনবার প্রকল্প প্রস্তাবনা সংশোধনের পর ১১২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নতুন প্রস্তাব প্রস্তুত করা হয়। ২০০৪ সালে প্রকল্পটি প্রি-একনেকে পাস হলেও এখনও একনেক তা পাস করেনি। ২০০৪ সালে রাজারহাট উপজেলার জয়কুমোর এলাকায় প্রতিরক্ষা প্রকল্পটি প্রণীত হয়। এর ব্যয় প্রাক্কলন করা হয় ৯ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। এটি এখন প্লানিং কমিশনে ফাইলবন্দী হয়ে আছে।

জানা যায়, গত বছর ৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় প্রাক্কলন করে উলিপুর উপজেলার বজরা সিনিয়র মাদ্রাসা হতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লখিয়াপাড়া পর্যন্ত তিস্তা নদীর বাম তীরে বিকল্প বাঁধ নির্মাণ ও সংরক্ষণ প্রকল্প প্রণয়ন করা হয়। এটিও প্লানিং কমিশনে আটকে আছে। ব্রহ্মপুত্র নদের ডান তীরে বুড়াবুড়ি-হাতিয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা। প্লানিং কমিশন পর্যন্ত গিয়ে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গেছে। ৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয় প্রাক্কলনে ২০০০ সালে প্রণয়ন করা হয় ঠুঠাপাইকড়ে তিস্তা নদীর বাম তীর ভাঙ্গন রোধ প্রকল্পটি। এটিও প্লানিং কমিশনে ফাইল চাপা পড়ে আছে। চলতি বছরে ৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয় প্রাক্কলন করে বুনকা ও বনগ্রাম নামক স্থানে বাঁধ পুনঃনির্মাণ ও তীর প্রতিরক্ষা প্রকল্পটিও গ্রহণ করে প্লানিং কমিশনে পাঠানো হয়েছে।

জেলায় ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে শুধু রাজিবপুর শহর প্রতিরক্ষা প্রকল্পটি বাস্তবায়নাধীন আছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজিলুর রহমান বিডিনিউজকে বলেন, বন্যা কিংবা ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কোনও তহবিল নেই। চাহিদা দাখিল করা হয়েছে।