বজ্রপাতে কক্সবাজারে নিহত ৮, ঢাকা ও মানিকগঞ্জে ২
কক্সবাজারে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় আট জন নিহত ও দুই জন আহত হয়েছে। এছাড়া ঢাকা ও মানিকগঞ্জে পৃথক দুুটি বজ্রপাতের ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে কক্সবাজারের সদর উপজেলার পি এম খালী, ঝিলংজা ও চৌফলদন্ডী ইউনিয়নে, ঢাকার বুড়িগঙ্গা নদীতে ও মানিকগঞ্জের ঘিওরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারের পি এম খালী ইউনিয়নের মহসিনিয়া পাড়ার একটি মৎস্য প্রকল্পে কাজ করার সময় বজ্রপাতে আনোয়ার আহমেদ (৪০), কবির আহমদ (৫০) ও রজিম উল্লাহ (৩০) মারা যায়। এদের বাড়ি একই ইউনিয়নের ধাওন খালী ও মহসিনিয়া পাড়ায়। এছাড়া নূর হোছন নামে একজন গুরুত্বর আহত হয়। এদিকে একই সময়ে ঝিলংজা ইউনিয়নের এস এম পাড়া ও উপকূলীয় চৌফলদন্ডী ইউনিয়নের সাতগড়িয়া পাড়ায় অপর ২টি বজ্রপাতের ঘটনায় ৫জন নিহত ও দুজন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের ঘটনা নিশ্চিত হওয়া গেলেও এদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকা চালানোর সময় বজ্রাঘাতে আব্দুল লতিফ (৬২) নামে এক মাঝির মৃত্যু হয়।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ধানকাটা শ্রমিক নিহত ও অপর দু’জন আহত হয়েছে। নিহত ভোলানাথ (৩৫) সিরাজগঞ্জের বেলকুচি গ্রামের গোপাল মণ্ডলের ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলার করজনা গ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় আজম (৩০) ও হালিমকে (২২) উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
