দারিদ্র্য বিমোচনে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশবাদীদের আহ্বান
পরিবেশবাদীরা বলেছেন, পরিবেশের ভারসাম্য ছাড়া দেশের দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়।
তারা বলেন, পরিবেশের ভারসাম্য নিশ্চিত করার জন্য সকল উদ্ভিদ ও প্রাণীর অর্থনৈতিক মূল্য হিসেব করে সাধারণ জনগণকে এ ব্যাপারে সচেতন করা প্রয়োজন।
বিশ্ব জীব বৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষ্যে রোববার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ‘বাংলাদেশের সুন্দরবনে বাঘ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল ও আইইউসিএন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইইউসিএন’র বাংলাদেশ প্রতিনিধি ড. আইনুন নিসাত, পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব জাফর আহমেদ চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক জুনি রোলিনসন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ড. আইনুন নিসাত বলেন, পরিবেশ বিনষ্টের কারণে সুন্দরবনের বেশিরভাগ প্রজাতি এখন বিলুপ্ত প্রায়।
জীব বৈচিত্র্য রক্ষা করতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রণালয় সচিব জাফর আহমেদ চৌধুরী।
তিনি বলেন, দেশের উদ্ভিদ ও প্রাণী রক্ষার জন্য পরবর্তী বাজেটে টাকা বরাদ্ধ রাখা হচ্ছে।
বাঘের আচরণ ও প্রতিবেশের ওপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কিছু গবেষণা নিয়ে ‘বাংলাদেশের সুন্দরবনে বাঘ’ বইটি রচিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ পেট্রোলিয়াম ও ডব্লিউউব্লিউএফ ইন্টারন্যাশনালের অর্থায়ণে ওই গবেষণা পরিচালিত হয়।
শিগগিরই বইটি বাজারে পাওয়া যাবে বলে জানান ড. আইনুন নিসাত।
