২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল এজিবি কলোনি: প্রতিদিন মৃত্যূঝুঁকির সঙ্গে বসাবাস

মতিঝিল সরকারি এজিবি কলোনির ঝুকিপূর্ণ ঘোষিত ৯০টি ভবন যে কোনো সময় ভেঙে পড়ার আশংকা দেখা দিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেনীর প্রায় ৪০০ সরকারি কর্মচারির পরিবার এসব ভবনে বসবাস করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

গণপূর্ত অধিদপ্তর সূত্র জানা যায়, সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর এগুলোকে বসবাসের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে। একই সাথে এসব ভবনের বসবাসকারিদের ভবন ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। প্রতিটি ভবনেই এখন ঝুলছে পূর্ত বিভাগের এ রকম নোটিশ। তবে এর বাসিন্দারা এই নোটিশের পরেও নির্বিকার।

সূত্র জানায়, এগুলোর সংস্কার ও একই সাথে কর্মচারিদের বসবাসের জন্য নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত অর্থ বরাদ্দ বা ছাড় না হওয়ায় সংস্কার করা সম্ভব হয়নি।

ইতিমধ্যে এ ভবনগুলোর দেওয়াল ও ছাঁদের প্লাস্টার ও অংশ বিশেষ খসে পড়তে শুরু করেছে। ভবনগুলোর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ধরণের ফাটল। আসন্ন বর্ষা মওসুমে ভারী বর্ষণ অথবা সামান্য ভুমিকম্প হলেই ভয়াবহ ট্রাজেডি ঘটে যেতে পারে বলে সংশ্লিষ্টদের আশংকা।

ভবনগুলোতে বসবাসকারি কয়েক জনের সাথে আলাপ করে জানা যায়, ভবনগুলো বহু বছরের প্রাচীন। দীর্ঘদিন ধরে এ ভবনগুলো সংস্কারে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় এগুলো বসবাসের অনুপযোগি হয়ে উঠেছে।

বাসিন্দাদের অভিযোগ করেন, জরাজীর্ণ এ ভবনগুলোতে সরকারের ৩৭টি মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর প্রায় ৪০০ পরিবার বাস করছে। এসব বসবাসকারি পরিবারের সদস্যরা প্রায় প্রতিদিনই প্লাস্টার খুলে পড়ে অনেক শিশু কিশোর আহত হচ্ছে।

৩৪ নম্বর ভবনে বসবাসকারি অর্থ মন্ত্রণালয়ের কর্মচারি মোফাক্কর হোসেন বিডিনিউজকে জানান, পূর্তমন্ত্রী ও স্থানীয় এমপি মির্জা আব্বাসকে কলোনীর এ অবস্থা জানানো হয়েছে। তিনি নিজেই কিছুদিন আগে সরজমিনে ভবনগুলো দেখে গেছেন। তিনি ভবন সংস্কার ও বসবাসকারিদের পূনর্বাসনেরও আশ্বাস দেন।

বসবাসকারিদের অভিযোগ, পুণর্বাসন না করে এসব কর্মচারিদের ভবন ছাড়ার জরুরি নোটিশ দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে তারা এখন কোথায় গিয়ে দাঁড়াবেন-এ প্রশ্নও উঠেছে।

তৃতীয় শ্রেণীর কর্মচারি নূরুল ইসলাম সরদার বলেন, পূণর্বাসন ছাড়া তাদের পক্ষে অন্য কোথাও ঠাঁই নেওয়ার উপায় নেই। প্রতিদিন মৃত্যূঝুঁকির সঙ্গে বসাবাস করাই যেনো আমাদের একমাত্র গত্যান্তর।