২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ১৪ সমর্থক অপহরণ, জেএসএস নেতা শিমুল ত্রিপুরা গুলিবিদ্ধ

আগামী ৭ জুন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সমাবেশকে ঘিরে খাগড়াছড়ি উত্তপ্ত হয়ে উঠেছে। ইউপিডিএফ’র অভিযোগ সমাবেশ ভণ্ডুল করতে দিঘীনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ক্যাডাররা তাদের ১৪ সমর্থককে অপহরণ করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

অন্যদিকে পিসিজেএসএস এ অভিযোগ অস্বীকার করে জানায়, ইউপিডিএফ রোববার মহাজনপাড়া শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে শিমুল ত্রিপুরাক (২৩) মারাত্মক আহত করেছে।

গুলিবিদ্ধ পিসিজেএসএস সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) নেতা শিমুল খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ইউপিডিএফও এ অভিযোগ অস্বীকার করেছে।

রোববার ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা শাখার নেতা প্রদীপন চাকমা জানান, পিসিজেএসএস’র নেতা ধর্মবীর চাকমা, প্রীতি চাকমা, সোনাধন চাকমার নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল ২০ মে পিসিপির প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে দিঘীনালায় ফেরার পথে আরও ৭ ইউপিডিএফ সমর্থককে অপহরণ করে নিয়ে যায়।

দ্বিতীয় দফায় অপহৃতরা হলো-ননা চাকমা, দিপেন চাকমা, পর্ণবিকাশ চাকমা, বিজক চাকমা, এরবো চাকমা, সত্যপ্রিয় চাকমা ও বৈদ্য চাকমা। তাদের মুক্তিপণ হিসেবে মোটা অংঙ্কের টাকা দাবি করা হয় বলে ইউডিপিএফ নেতা প্রদীপন চাকমা জানান।

অপহৃতদের মুক্তির জন্য সামাজিকভাবে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর তৎপরতাও অব্যাহত রয়েছে। অপহৃতদের মুক্তির দাবিতে রোববার খাগড়াছড়ি শহরে ইউপিডিএফ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।