২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করায় যশোর সীমান্তে উত্তেজনা

নো ম্যানস ল্যাণ্ডের গা ঘেঁষে বিএসএফ’র পাকা স্থাপনা নির্মাণের চেষ্টার প্রেক্ষিতে যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই সীমান্তে শক্তি বৃদ্ধির পাশাপাশি জোরালো অবস্থান নিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বিডিআর ও স্থানীয় অধিবাসী সূত্রে জানা যায়, বেনাপোলের কাছে অগ্রভুলট সীমান্তের ওপারে অভিন্ন নদী ইছামতির পাড়ে কাটাতারের গা ঘেঁষে বিএসএফ শনিবার দুপুরে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে।

বিএসএফ’র এ বেআইনি কাজ বন্ধ করতে বিডিআর সাথে সাথে ‘প্রোটেস্ট নোট’ পাঠায়।

এ সময়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সীমান্তে বাংকার খুড়তে শুরু করে। শক্তি বৃদ্ধির পাশাপাশি তারা বিডিআরের দিকে অস্ত্র তাক করে রাখে। অবস্থা বুঝে বিডিআরও সতর্ক অবস্থান নেয়।

রোববার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফ নতুন করে কাজ শুরু করেনি। ২৫ রাইফেল ব্যাটালিয়নের সেকেণ্ড ইন কমাণ্ড মেজর সরোয়ান জানান, রোববার যে কোনও সময় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যাটেলিয়নের লে: কর্ণেল মাহবুব আহম্মেদ জাকারিয়া সাংবাদিকদের জানান, এটা কোন সমস্যা নয়। বর্তমানে ভারতের সাথে আমাদের সীমান্তের সম্পর্ক খুবই ভাল। তিনি আরও বলেন, বিএসএফ সদস্যরা যদি ১৫০গজ ছেড়ে দেওয়াল নির্মাণ করে তাহলে আমাদের কোনও আপত্তি থাকবে না।